তালিকাভুক্ত কোম্পানিতে প্রাতিষ্ঠানিক সুশাসন বাধ্যতামূলক করা হচ্ছে
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ‘প্রাতিষ্ঠানিক সুশাসন’ চর্চা বাধ্যতামূলক করা হচ্ছে। এখন থেকে প্রত্যেক প্রতিষ্ঠানকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সুশাসন নির্দেশনা মেনে চলতে হবে। অবশ্য এই নির্দেশিকা বা গাইডলাইন পরিপালনের জন্য এসইসি কোম্পানিগুলোকে সময়সীমা বেঁধে দেবে। এসইসির চূড়ান্ত করা ‘প্রাতিষ্ঠানিক সুশাসন’ গাইড লাইনের আওতায় তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানির পরিচালনা পর্ষদে এখন থেকে এক-চতুর্থাংশ স্বাধীন পরিচালক (ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর) রাখার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ কোনো কোম্পানিতে যদি ১২ জন পরিচালক থাকে তাহলে তার মধ্যে অবশ্যই তিনজন হতে হবে স্বাধীন পরিচালক। গতকাল মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় করপোরেট গভর্নেন্স গাইডলাইন বা প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনা অনুমোদন করা হয়। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একই সভায় তালিকাভুক্তির আবেদনকারী একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে অসত্য তথ্য দেওয়ার দায়ে কোম্পানি, ইস্যু ব্যবস্থাপক, সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠানসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসইসি জানিয়েছে, প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনার প্রস্তাবিত সংশোধনীর ওপর জনমত যাচাইয়ের পর গতকালের সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেলায় এই নির্দেশনা পরিপালন করার বিষয়টি বাধ্যতামূলক ছিল না। আগে কোম্পানিগুলো এটি পরিপালন বা ব্যাখ্যার (কমপ্লাই বা এক্সপ্লেইন) ভিত্তিতে মেনে চলত। কিন্তু নতুন করে তাতে পরিবর্তন আনার পর এখন থেকে তা পরিপালন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, প্রাতিষ্ঠানিক সুশাসনের নতুন নির্দেশনা পরিপালনের জন্য কোম্পানিগুলোকে সময়সীমা বেঁধে দেওয়া হবে।জরিমানা: এ ছাড়া অ্যাপোলা ইস্পাত কমপ্লেক্স নামের আইপিও আবেদনের সঙ্গে জমা দেওয়া কোম্পানির আর্থিক বিবরণীতে অসত্য তথ্য দেওয়ায় ওই কোম্পানি, ইস্যু ব্যবস্থাপক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও নিরীক্ষা প্রতিষ্ঠান মেসার্স জোহা জামান কবির রশীদ অ্যান্ড কোম্পানির প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠান মেসার্স মসিহ মুহিত হক অ্যান্ড কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।