তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর দাবি বিএপিএলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির দেওয়া লভ্যাংশের ওপর কর রেয়াত সুবিধা অব্যাহত রাখার সুপারিশ করেছে সংগঠনটি।

আজ বুধবার সকালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এক বৈঠকে বিএপিএলসির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। বিএসইসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান খায়রুল হোসেনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএপিএলসির সভাপতি তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর না কমিয়ে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর কমানো হয়েছে। এতে কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তিতে নিরুত্সাহিত হবে।

অন্যদিকে তালিকাভুক্ত কোম্পানির দেওয়া লভ্যাংশের ওপর কর রেয়াত সুবিধা অব্যাহত না রাখলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য আড়াই শতাংশ করপোরেট কর কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগে এসব কোম্পানির মুনাফার ওপর সাড়ে ৩৭ শতাংশ হারে কর দিতে হতো। অন্যদিকে তালিকাভুক্ত কোম্পানি ২০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দিলে সে ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর রেয়াত সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বাজেটে।

বৈঠকে বিএপিএলসির সহসভাপতি মোহাম্মদ ইউনূস, নির্বাহী কমিটির সদস্য আজম জে চৌধুরীসহ বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।