তালিকাভুক্ত কোম্পানির কর্মকাণ্ড তদারকিতে কমিটি গঠন
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সার্বিক কর্মকাণ্ড তদারকির জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়। ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।কমিটির সদস্যরা হলেন, ডিএসইর মহাব্যবস্থাপক (অর্থ) জীবন চন্দ্র দাস, উপমহাব্যবস্থাপক (সিজিএফআরসি) মো. মনোয়ার হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (লিস্টিং) নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী মহাব্যবস্থাপক (আরএন্ডডি) ইশতিয়াক আহমেদ সোহাগ।রকিবুর রহমান জানান, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে উল্লি¬খিত যাবতীয় তথ্যের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতি ১৫ দিন পরপর চারটি কোম্পানির সার্বিক কার্যক্রম তদারকি করবে। এই কমিটি গঠনের ফলে আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি সহজে বের করা সম্ভব হবে এবং এতে বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে মনে করেন তিনি।