তালিকাভুক্ত প্রায় অর্ধেক প্রতিষ্ঠানই ঠিকমতো মান পরিপালন করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রায় ৫০ শতাংশ কোম্পানি আর্থিক বিবরণী ও প্রতিবেদন তৈরির ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক মান, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্দেশনা যথাযথভাবে পরিপালন করছে না। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে আছে সিমেন্ট, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিগুলো। এসব খাতের তালিকাভুক্ত কোম্পানির প্রায় ৮৩ শতাংশের আর্থিক বিবরণী ও প্রতিবেদন তৈরির ক্ষেত্রে দেশীয়-আন্তর্জাতিক মান ও বিধিবিধান পরিপালনে বড় ধরনের ঘাটতি রয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রকাশিত আর্থিক বিবরণী প্রতিবেদনের ওপর নিবিড় পর্যালোচনা করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটির নবগঠিত করপোরেট ফিন্যান্স বিভাগের কাজের অংশ হিসেবে এ প্রতিবেদন তৈরি করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে গতকাল শনিবার সিএসইর চট্টগ্রাম কার্যালয়ে এক সেমিনারেরও আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একাধিক সদস্য, নিরীক্ষক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি, শিক্ষক ও সিএসইর নেতারা। সিএসইতে তালিকাভুক্ত ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৭টির ওপর পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলো যেসব আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, সেগুলো তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাবরক্ষণ মান (ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা আইএএস), আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (ইন্টারন্যাশনাল ফিন্যানশিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বা আইএফআরএস), বাংলাদেশ হিসাবরক্ষণ মান (বিএএস), দেশীয় আর্থিক প্রতিবেদন মান (বিএফআরএস), এসইসির বিধিবিধান ও নির্দেশনা এবং কোম্পানি আইনের বিভিন্ন ধারায় উল্লিখিত বিধান কোম্পানিগুলো যথাযথভাবে পরিপালন করছে কি না তা খতিয়ে দেখে সিএসই। সিএসইর প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত মান পরিপালনের ক্ষেত্রে এগিয়ে আছে ব্যাংক খাতের কোম্পানিগুলো। তালিকাভুক্ত ২৯টি ব্যাংকের মধ্যে ১৫টিই আর্থিক বিবরণী তৈরির ক্ষেত্রে সব মান যথাযথভাবে পরিপালন করে থাকে। বাকি ব্যাংকগুলো সব মান পরিপালন করে না, যার শতকরা হার ৪৫ শতাংশ। সিএসইর প্রতিবেদন অনুসারে, ব্যাংকবহির্ভূত তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৩ শতাংশ, সেবা খাতের ৫০ শতাংশ, জীবন বিমা খাতের ৫৫ শতাংশ, প্রকৌশল ও বৈদ্যুতিক খাতের ৫৬ শতাংশ, সাধারণ বিমা খাতের ৫৯ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতের ৬৯ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৭০ শতাংশ, বস্ত্র খাতের ৭৬ শতাংশ, চামড়া ও সিরামিক খাতের কোম্পানিগুলোর ৮০ শতাংশ কোম্পানির আর্থিক প্রতিবেদন তৈরিতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসরণ করা হয় না।যেমন: বাংলাদেশ হিসাবরক্ষণ মান (বিএএস) অনুযায়ী আয়কর ও মজুদ সম্পদের পুনর্মূল্যায়নের ক্ষেত্রে প্রলম্বিত করের বিষয়গুলো আর্থিক বিবরণীতে আলাদাভাবে প্রকাশ করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে সেটি মানা হয় না। সিএসই বলছে, এই নিয়ম না মানার ফলে কোম্পানিগুলো যে প্রকৃত সম্পদমূল্য বা এনএভি এবং শেয়ারপ্রতি আয় বা ইপিএস প্রকাশ করে তাতে অতি মূল্যায়ন থাকে। তালিকাভুক্ত ১৫টি কোম্পানি এই নিয়ম মানছে না বলে সিএসইর প্রতিবেদনে উল্লেখ হয়। এ ছাড়া আইএএস, আইএফআরএস, বিএএস ও বিএফআরএসের বিধান অনুযায়ী কোম্পানির নিত্যব্যবহার্য যন্ত্রপাতি, সম্পদের অবচয়জনিত ব্যয় প্রকৃত সম্পদমূল্য থেকে নিয়মিতভাবে বাদ দিতে হবে। কিন্তু সিএসই বলছে, তালিকাভুক্ত নয়টি কোম্পানি এ নিয়ম মানেনি। তাই আর্থিক প্রতিবেদন থেকে এসব কোম্পানির প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া কঠিন। আবার বিএফআরএসের বিধান অনুযায়ী, যেকোনো কোম্পানির আর্থিক উপাদান সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়টি ওই কোম্পানির আর্থিক বিবরণীতে তুলে ধরার বাধ্যবাধকতা রয়েছে। সিএসই বলছে, বিধান থাকা সত্ত্বেও ২০টি কোম্পানি তাদের প্রতিবেদনে তা উল্লেখ করেনি, যা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুলবার্তা দিয়েছে। সিএসইর প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের অনুল্লিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিরীক্ষা প্রতিষ্ঠানও সঠিকভাবে শনাক্ত করেন না। এ কারণে এখনো পর্যন্ত তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের দেশীয় ও আন্তর্জাতিক মান পরিপূর্ণভাবে পরিপালনের বিষয়টি নিশ্চিত হয়নি। জানতে চাইলে সিএসইর সভাপতি আল মারুফ খান প্রথম আলোকে বলেন, ‘কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আমরা আমাদের প্রতিবেদন তৈরি করেছি। তালিকাভুক্ত কোম্পানিগুলো যাতে ভবিষ্যতে এসব মান পরিপূর্ণভাবে পরিপালন করে সে জন্যই প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমাদের এই প্রচেষ্টা। এর মাধ্যমে আমরা সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা বাড়াতে চাই। এর বাইরে বড় ধরনের যেসব অসংগতি আমাদের নজরে এসেছে তাৎক্ষণিকভাবে আমরা সেগুলোও নিয়ন্ত্রক সংস্থার নজরে এনেছি।’