তালিকাভুক্ত ব্যাংকের অর্ধেকেরই মুনাফা কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ৩০ কোম্পানির মধ্যে ১৫টিরই মুনাফা কমে গেছে। সম্প্রতি ঘোষিত ব্যাংকগুলোর অর্ধবার্ষিক অনিরীক্ষিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এটি অবশ্য প্রাক্কলিত প্রকৃত বা নিট মুনাফা। পরিচালন মুনাফা থেকে কর পরিশোধের পর যা থাকে, তা-ই প্রকৃত মুনাফা। এটি সাধারণত বার্ষিক ভিত্তিতে নির্ণীত হয়। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ১৫টির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে অনেক কমে গেছে। আর বাকি ১৫টি ব্যাংকের মুনাফার পরিমাণ একই সময়ের চেয়ে বেড়েছে। ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর নিরাপত্তা সঞ্চিতির পরিমাণ বেড়ে যাওয়ায় অনেক ব্যাংকের মুনাফা কমে গেছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। যোগাযোগ করলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, যেসব ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগের পরিমাণ বেশি, সেসব ব্যাংকেরই মুনাফা বেশি কমেছে। এর প্রধান কারণ, শেয়ারবাজারে বিনিয়োগ করে এসব ব্যাংক লোকসান করেছে, যার ফলে লোকসানের বিপরীতে তাদের নিরাপত্তা সঞ্চিতির পরিমাণও বেড়ে গেছে। ’মূসা ব্যাখ্যা করে বলেন, ‘গত বছরের জানুয়ারি-জুনের চেয়ে এ বছরের জানুয়ারি-জুন সময়ে শেয়ারের দাম অনেক নিচে নেমে গেছে। পাশাপাশি কিছু ব্যাংকের বিপুল পরিমাণ অনাদায়ী মন্দ ঋণ থাকায় তার বিপরীতেও নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয়েছে। আর শেয়ারবাজারে যেসব ব্যাংকের বিনিয়োগ কম দেখা যাচ্ছে, সেসব ব্যাংকের মুনাফা বেড়েছে।’মোহাম্মদ মূসা আরও বলেন, ব্যাংকের আয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে সুদ থেকে আয়, বিনিয়োগ থেকে আয়, ঋণপত্র খোলার বিপরীতে কমিশন আয় ইত্যাদি। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সুদ ও ঋণপত্রের বিপরীতে ব্যাংকের আয়ে খুব বেশি হেরফের না হলেও বিনিয়োগ আয় কমেছে বেশির ভাগ ব্যাংকেরই। আর তাতেই মুনাফার পরিমাণ কমে গেছে। তবে শেয়ারবাজার-পরিস্থিতির উন্নতি হলে ব্যাংকগুলোর মুনাফার চিত্রও বদলে যাবে বলে মত দেন এই শিক্ষক ও গবেষক। এদিকে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংকগুলোর অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, মুনাফা কমে যাওয়ার তালিকায় রয়েছে: যথাক্রমে ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক। এগুলোর মধ্যে চলতি বছরের (২০১২ সাল) প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ঢাকা ব্যাংকের মুনাফা দেখানো হয়েছে প্রায় ২৮ কোটি নয় লাখ টাকা। গত বছরের (২০১১ সাল) একই সময়ে যার পরিমাণ ছিল প্রায় ৮৯ কোটি ২৮ লাখ টাকা। একইভাবে চলতি বছরের প্রথম ছয় মাসে আইএফআইসি, প্রিমিয়ার, ন্যাশনাল ও ওয়ান ব্যাংকের মুনাফা দেখানো হয়েছে যথাক্রমে ২৫ কোটি ৬৬ লাখ, ১১ কোটি ৫৯ লাখ, ১৩৯ কোটি ৩৭ লাখ ও ৫৮ কোটি ২৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এসব ব্যাংকের মুনাফা ছিল যথাক্রমে ৬৫ কোটি ৪৪ লাখ, ২৭ কোটি তিন লাখ, ৩২২ কোটি ২২ লাখ ও ৮৫ কোটি পাঁচ লাখ টাকা। মুনাফা বৃদ্ধির তালিকায় রয়েছে: যথাক্রমে এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। এর মধ্যে ২০১২ সালের জুন মাস শেষে এক্সিম, স্ট্যান্ডার্ড, শাহ্জালাল, সোস্যাল ইসলামী ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা হয়েছে যথাক্রমে ৯২ কোটি ৯৯ লাখ, ৬৪ কোটি ৮০ লাখ, ৮৬ কোটি ৩৮ লাখ, ৫৫ কোটি ২৬ লাখ ও ৪০ কোটি ৩৫ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এসব ব্যাংকের মুনাফার পরিমাণ ছিল যথাক্রমে ৫১ কোটি নয় লাখ, ৪২ কোটি ৪০ লাখ, ৬৩ কোটি ২৫ লাখ, ৪১ কোটি ১৪ লাখ ও ৩০ কোটি ৩৩ লাখ টাকা।