তালিকাভুক্ত ব্যাংকের স্বাধীন পরিচালকদের তথ্য চেয়েছে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকের স্বতন্ত্র বা স্বাধীন পরিচালকদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত রোববার বিএসইসির নির্ধারিত ছকে এসব তথ্য জানাতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
২০১২ সালের ৭ আগস্ট বিএসইসির জারি করা প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালা বা করপোরেট গভর্ন্যান্স গাইডলাইনসের আওতায় এসব তথ্য চাওয়া হয়েছে। বর্তমানে শেয়ারবাজারে ৩০টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে।
২০১২ সালের আগস্টে সংশোধিত প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালা পরিপালন বাধ্যতামূলক করা হয়। ওই নীতিমালায় বলা হয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ হবে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২০ সদস্যের। এঁদের মধ্যে এক-পঞ্চমাংশ হতে হবে স্বাধীন বা স্বতন্ত্র পরিচালক। অর্থাৎ তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য যদি হন ২০ জন, তাহলে এঁদের মধ্যে চারজনই হতে হবে স্বাধীন পরিচালক। স্বাধীন পরিচালকদের কেউ সংশ্লিষ্ট কোম্পানির ১ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবেন না। এমনকি শেয়ারধারী পরিচালকদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে এমন কেউ ওই কোম্পানির স্বতন্ত্র পরিচালক হওয়ার অযোগ্য বিবেচিত হবেন।
নীতিমালা অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের কোনো সদস্য, পরিচালক বা কর্মকর্তা তালিকাভুক্ত কোনো কোম্পানির স্বাধীন পরিচালক হতে পারবেন না। একই সঙ্গে একজন স্বাধীন পরিচালক সর্বোচ্চ তিনটির বেশি কোম্পানিতে থাকতে পারবেন না। তালিকাভুক্ত কোনো কোম্পানির স্বাধীন পরিচালকের পদ ৯০ দিনের বেশি শূন্য রাখা যাবে না।
প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকগুলো এসব নির্দেশনা মেনে চলছে কি না, তা জানতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্র জানায়।
এদিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেন সাড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটি চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। আগের দিন রোববারও চলতি বছরের মধ্যে ডিএসইতে ৬২০ কোটি টাকার সর্বোচ্চ লেনদেন হয়েছিল। গতকাল দিন শেষে ডিএসইতে ৬৫১ কোটি টাকার লেনদেন হয়।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬২ কোটি টাকা। এটিও চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত রোববার সিএসইতে বছরের সর্বোচ্চ ৬১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ঢাকার বাজারে সোমবার ২৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টিরই দাম বেড়েছে, কমেছে
১০৩টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৪৫৫ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ঢাকার বাজারে ডিএসইএক্স চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। এর আগে গত ২০ নভেম্বর ডিএসইএক্স সর্বোচ্চ চার হাজার ৪৪০ পয়েন্ট পর্যন্ত উঠেছিল।