তালিকাভুক্ত হচ্ছে সামিট পূর্বাঞ্চল ও সানলাইফ
সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি ও সানলাইফ ইনস্যুরেন্স দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হওয়ার অনুমোদন পেয়েছে। ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় গতকাল মঙ্গলবার নতুন কোম্পানি দুটির তালিকাভুক্তির আবেদন অনুমোদন করা হয়। সভা শেষে সংস্থাটির সভাপতি রকিবুর রহমান এ তথ্য জানান। নিয়ম অনুযায়ী, পরিচালনা পর্ষদের অনুমোদনের পর এখন ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তালিকাভুক্তির দিন ঠিক করবে। কোম্পানি দুটি গত নভেম্বরে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। এর মধ্যে সামিট পূর্বাঞ্চল পাওয়ার ১২০ কোটি টাকা ও সানলাইফ ইনস্যুরেন্স ১২ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩০ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে আইপিওতে সামিট পূর্বাঞ্চলের প্রতিটি শেয়ারের দাম ছিল ৪০ টাকা। আর আইপিওতে সানলাইফের প্রতিটি শেয়ার বিক্রি করা হয়েছে ১০ টাকা অভিহিত মূল্যে।