তালিকাভুক্ত ৩০ কোম্পানিকে পুরস্কৃত করবে ডিএসই
তালিকাভুক্ত ৩০ কোম্পানিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। এর আগে এই ৩০ কোম্পানি নির্বাচনে গঠন করা হবে স্বতন্ত্র জুরি বোর্ড।একই সঙ্গে লেনদেনের বর্তমান সময়সীমা ৩০ মিনিট এগিয়ে আনার ব্যাপারেও একমত হয়েছেন ডিএসইর পরিচালকেরা। গতকাল সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।জানা গেছে, ৩০ কোম্পানিকে পুরস্কৃত করার ব্যাপারে সিদ্ধান্ত হলেও কবে নাগাদ তা করা হবে, সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি কত দিনের মধ্যে জুরি বোর্ড গঠন করা হবে, সেটিও চূড়ান্ত হয়নি।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জুরি বোর্ড গঠনের পর নির্ধারিত বিভিন্ন মানদণ্ডের বিচারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে পুরস্কারের জন্য সেরা ৩০ কোম্পানি বাছাই করা হবে।এ ছাড়া লেনদেনের সময়সীমা ৩০ মিনিট এগিয়ে আনার ব্যাপারে শিগগির নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে আদালতের রুলের বিষয়ে জবাব দেওয়ার বিষয়েও গতকালের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।