তালিকাভুক্তি ও শ্রেণী পরিবর্তনের প্রথম দিন থেকে ঋণসুবিধা
শেয়ারবাজারে নতুন তালিকাভুক্তি ও শ্রেণী পরিবর্তনের প্রথম দিন থেকেই এখন ঋণসুবিধা পাবে তালিকাভুক্ত যেকোনো সিকিউরিটিজ। গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এসইসি বলছে, স্টক এক্সচেঞ্জে নতুন তালিকাভুক্ত যেকোনো সিকিউরিটিজ কেনার ক্ষেত্রে এখন থেকে বিনিয়োগকারীরা তালিকাভুক্তির প্রথম দিন থেকেই ঋণসুবিধা পাবেন। এ ছাড়া তালিকাভুক্ত যেকোনো সিকিউরিটিজের শ্রেণী বা ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রেও বিনিয়োগকারীরা একইভাবে ঋণসুবিধা পাবেন। এর আগে ২০০৯ সালের ১ অক্টোবর তৎকালীন এসইসি নতুন তালিকাভুক্ত ও শ্রেণী পরিবর্তন হওয়া সিকিউরিটিজের ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস ঋণসুবিধা বন্ধের নির্দেশনা জারি করে।এসইসির গতকালের সভায় আগের সেই নির্দেশনা বাতিল করা হয়। এর ফলে এখন থেকে নতুন সিকিউরিটিজের (কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা বন্ড) জন্য তালিকাভুক্তির প্রথম দিন থেকে ওই কোম্পানির শেয়ারের বিপরীতে বিদ্যমান হারে ঋণসুবিধা পাবেন বিনিয়োগকারীরা। একইভাবে শ্রেণী পরিবর্তিত হওয়া যেকোনো সিকিউরিটিজ শেয়ার কেনার ক্ষেত্রেও নতুন শ্রেণীভুক্ত হওয়ার প্রথম দিন থেকে ঋণসুবিধা পাবেন বিনিয়োগকারীরা। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে এরই মধ্যে নিঃস্ব হয়ে গেছেন অনেক বিনিয়োগকারী। এ কারণে শেয়ারবাজারকে ঋণের জাল থেকে বের করে আনার পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় এসইসি নতুন তালিকাভুক্ত ও শ্রেণী পরিবর্তন করা সিকিউরিটিজের ক্ষেত্রে ঋণপ্রাপ্তি আরও সহজ করে দিল। এসইসি-সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, দেশের দুই স্টক এক্সচেঞ্জের সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।