তালিকাভুক্তির অনুমতি পেল ইফাদ অটোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফাদ অটোসকে শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল রোববার সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন কোম্পানিটির আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর লেনদেনের দিন ঠিক করা হবে।
এদিকে ডিএসইর পরিচালক পদে আবারও পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন সদ্য অবসরে যাওয়া পরিচালক শাকিল রিজভী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল রোববার আর কোনো প্রার্থী মনোনয়নপত্র না নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
ডিএসই ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি একটি পরিচালক পদে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু একক প্রার্থী হওয়ায় এখন আর নির্বাচনের কোনো প্রয়োজন থাকছে না। তবে ঘোষিত তফসিল অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তাঁকে নির্বাচিত পরিচালক হিসেবে ঘোষণা করতে হবে।
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) পর ডিএসইর ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে চারজন পরিচালক শেয়ারধারীদের মধ্য থেকে নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী, এই চার শেয়ারধারী পরিচালকের মধ্য থেকে প্রথম দুই বছর একজন করে এবং তৃতীয় বছরে গিয়ে দুজন পদত্যাগ করবেন। এরপর ওই শূন্য পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিধান অনুযায়ী, এই বছর চার শেয়ারধারী পরিচালকের মধ্য থেকে একজন পদত্যাগ করার কথা। নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতেই শাকিল রিজভী স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং পুনর্বার নির্বাচনের সিদ্ধান্ত নেন। তাতে করে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী তিন বছরের জন্য ডিএসইর পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন।