শেয়ারবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির বিদ্যমান আইনে বেশ কিছু সংস্কারের সুপারিশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংস্থাটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে এসব সংস্কার প্রস্তাবের সুপারিশ করা হয়। এসব সংস্কার প্রস্তাব এরই মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এসব প্রস্তাব সম্পর্কে জানা গেছে। ডিএসইর সংস্কার প্রস্তাবে বলা হয়েছে, যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ন্যূনতম ১০ কোটি টাকা, সেসব কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বাজারে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া যাবে। আর আইপিওতে সর্বনিম্ন পাঁচ কোটি টাকার শেয়ার ছাড়তে হবে। এ ছাড়া নতুন কোম্পানিকে তালিকাভুক্তির আগে আইনে যেসব শর্ত যুক্ত করার প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে, তালিকাভুক্তির আগের তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট কোম্পানির ন্যূনতম পাঁচ কোটি টাকার দৃশ্যমান সম্পদ থাকতে হবে। সেই সঙ্গে তালিকাভুক্তির আগের পাঁচ বছরের মধ্যে তিন বছর লভ্যাংশ বিতরণের মতো মুনাফা থাকতে হবে। এ ছাড়া তালিকাভুক্তির আগে কোম্পানির পুঞ্জিভূত কোনো লোকসান থাকতে পারবে না। ডিএসইর সংস্কার প্রস্তাবে আরও বলা হয়েছে, কোনো কোম্পানির আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকার ৩০ শতাংশের বেশি ঋণ পরিশোধে ব্যয় করতে পারবে না। ডিএসইর তাদের প্রস্তাবে বলেছে, যেকোনো কোম্পানি তালিকাভুক্তির তিন বছর আগে একবার জমি বা ভবন পুনর্মূল্যায়নের সুযোগ পাবে। আর আইপিওতে শেয়ার ছাড়ার পর নির্ধারিত কিছু প্রেক্ষিতে সম্পদ মূল্যায়নের সুযোগ পাবে কোম্পানিগুলো। একটি কোম্পানির সঙ্গে আরেকটি কোম্পানির একত্রকরণ, অধিগ্রহণ, ব্যবসার রূপান্তর, বৈদেশিক ঋণ গ্রহণসহ সুনির্দিষ্ট প্রয়োজনে কোম্পানিগুলো সম্পদ মূল্যায়নের সুযোগ পাবে। এ ছাড়া যেকোনো কোম্পানি তালিকাভুক্তির আগে কোম্পানির পরিচালনা পর্ষদের কাছ থেকে আইনি সুরক্ষা নিশ্চিত করারও প্রস্তাব দিয়েছে ডিএসই। যদি কোনো কোম্পানির শেয়ারের দাম তালিকাভুক্তির পরবর্তী ছয় মাসের মধ্যে প্রস্তাবিত দামের চেয়ে ২০ শতাংশ কমে যায় তাহলে বাজার থেকে শেয়ার কিনে নেওয়ার নিশ্চয়তা বিধান করতে হবে ওই কোম্পানিকে। পাশাপাশি শেয়ারের অধিমূল্য বা প্রিমিয়ামের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করেছে ডিএসই। সংস্থাটি বলছে, যদি কোনো কোম্পানির অধিমূল্য ১৫ টাকা পর্যন্ত হয়, তাহলে ওই কোম্পানির আইপিও শেয়ারের ৫০ শতাংশ সাধারণ বিনিয়োগকারী, ৩০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১০ শতাংশ করে মিউচুয়াল ফান্ড ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বরাদ্দ দিতে হবে। আর যদি অধিমূল্য ১৫ টাকার বেশি হয়, সে ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে সর্বোচ্চ ৫৫ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ২৫ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ১০ শতাংশ করে শেয়ার বরাদ্দ দিতে হবে। এতে সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকি অনেকাংশে কমবে বলে মনে করছে ডিএসই। তবে ডিএসইর এসব সুপারিশ বা প্রস্তাব গ্রহণের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে এসইসির সিদ্ধান্তের ওপর। এসইসির এসব প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের পরই তা আইনে রূপ নেবে। তার আগে নয়।