তালিকাভুক্তির আগে পরে আয়ে ভিন্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস ২০১৩ সালের ১৬ এপ্রিল শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্তির আগে ২০১২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৭২ পয়সা। আর ২০১৩ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১২ পয়সায়। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানির আয়-সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
অর্থাৎ তালিকাভুক্তির এক বছর না পেরোতেই শেয়ারপ্রতি আয় কমেছে ৬০ পয়সা। তালিকাভুক্তির আগে ও পরে আয়ের এমন ভিন্নতায় ক্ষতির দায় নিতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীদের দাবি, তালিকাভুক্তির আগে শেয়ারের বেশি দাম পেতে কোম্পানিগুলো আয় বাড়িয়ে দেখায় আর তালিকাভুক্তির পর আয় শুধু কমতেই থাকে। যদিও অনেক কোম্পানি ব্যবসা সম্প্রসারণের কথা বলে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করলেও তালিকাভুক্তির পর তার কোনো সুফল পাওয়া যায় না। ব্যবসা সম্প্রসারণের ফলে আয় না বেড়ে উল্টো কমে যায়।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত বেঙ্গল উইন্ডসরের সংবাদকণিকা পর্যালোচনায় দেখা গেছে, গত ডিসেম্বরের শেষে কোম্পানিটির এক পরিচালক তাঁর হাতে থাকা ২৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দেন।
এদিকে, আয় কমলেও গতকাল ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৬ শতাংশ বা চার টাকা ২০ পয়সা বেড়েছে। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৩ টাকা ৩০ পয়সায়। যদিও প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২৫ টাকা। সেই হিসাবে এক বছরে ২৫ টাকার শেয়ারের দাম তিন গুণ বেড়েছে।