তালিকাভুক্তির নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনবে ডিএসই
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির নীতিমালা এবং আইপিওর মাধ্যমে নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে প্রিমিয়াম নেওয়ার বিষয়ে বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। ‘পি’ ক্যাটাগরি নামে নতুন একটি ক্যাটাগরি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। বিষয়গুলো শিগগিরই এসইসিতে প্রস্তাব আকারে পাঠানো হবে। এসইসির সম্মতিক্রমে এগুলো কার্যকর করা হবে।আজ সোমবার বিকেলে ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডিএসইর সভাপতি রকিবুর রহমান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব বিষয় জানান। এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালীসহ উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।রকিবুর রহমান বলেন, ডিএসইতে ‘পি’ ক্যাটাগরি নামে নতুন একটি ক্যাটাগরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্যাটাগরিতে সবচেয়ে ভালো কোম্পানিগুলো স্থান পাবে। এই ক্যাটাগরিতে আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকে ৩০ শতাংশ লভ্যাংশ দিতে হবে। আর্থিক বছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে নিরীক্ষিত আর্থিক বিবরণী পাস করাতে হবে এবং চার মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা করতে হবে। তবে লাইফ ইনস্যুরেন্স কোম্পানিগুলো ছয় মাসের মধ্যে আর্থিক প্রতিবেদন পাস করিয়ে সাত মাসের মধ্যে এজিএম করবে। এ ছাড়া কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস) ও ইন্টারন্যাশনাল ফাইন্যানশিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস) অনুযায়ী হতে হবে। এসইসির করপোরেট গভর্নেন্স পুরোপুরি পরিপালন করতে হবে। তবে কোনো কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস পর পর দুই বছর ঋণাত্মক হলে ওই কোম্পানি ‘এ’ গ্রুপে চলে আসবে।প্রিমিয়াম নিয়ে নতুন কোনো কোম্পানির বাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। এ বিষয়ে রকিবুর রহমান বলেন, কোনো কোম্পানির প্রিমিয়াম ১৫ টাকা নেওয়া হলে ওই কোম্পানির ৫০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর জন্য, ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশিদের জন্য, ১০ শতাংশ মিউচুয়াল ফান্ডগুলোর জন্য এবং বাকি ৩০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্টক ডিলারদের জন্য বরাদ্দ করতে হবে। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্টক ডিলারদের বরাদ্দকৃত অংশ ৩০ দিন লক ইন রাখতে হবে।১৫ টাকার বেশি প্রিমিয়াম নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির ২৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। বাকি ৭৫ শতাংশের মধ্যে ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশি, ১০ শতাংশ মিউচুয়াল ফান্ড ও ৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্টক ডিলারদের জন্য বরাদ্দ রাখতে হবে। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্টক ডিলারদের জন্য বরাদ্দকৃত অংশ ৯০ দিন লক ইন থাকবে। এ ছাড়া উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেবল ব্লক বাজারে বিক্রি করতে হবে। ব্যক্তি বিনিয়োগকারীদের প্লেসমেন্ট না দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।তালিকাভুক্তির বিষয়ে রকিবুর রহমান বলেন, কোনো কোম্পানির তালিকাভুক্তির সময় আইপিওর প্রসপেক্টাসে আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যয়ের যেসব খাত দেখানো হয়েছিল, তা পরবর্তী তিন বছর আর্থিক প্রতিবেদনের প্রথমেই রাখতে হবে। আইপিওর টাকা যে ব্যাংকের মাধ্যমে তোলা হবে, ওই ব্যাংককেই অর্থ খরচের সনদ দিতে হবে। এ ক্ষেত্রে সেবা খাত ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো আইপিওর ৩০ শতাংশ অর্থ ঋণ পরিশোধ করতে পারবে। বাকি ৭০ শতাংশ অর্থ কোম্পানির আকার বাড়াতে ব্যয় করতে হবে।আইপিওর প্রসপেক্টাস জমা দেওয়ার সময় করপোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী একজন স্বাধীন পরিচালকের নাম এসইসিতে জমা দিতে হবে, যাঁর অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা থাকতে হবে। একই সঙ্গে ওই স্বাধীন পরিচালককে কোম্পানির অডিট কমিটির প্রধান হতে হবে। কোম্পানির হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবশ্যই নিবন্ধিত অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। আর প্রসপেক্টাসে উল্লিখিত কোম্পানি ও কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের আগের পাঁচ বছরের কর পরিশোধের তথ্য দিতে হবে। এ ছাড়া আন্ডাররাইটার বা অবলেখকদের ব্যাংক গ্যারান্টি দিতে হবে এবং আন্ডাররাইটাররা নিজেদের পরিশোধিত মূলধনের পাঁচ গুণের বেশি আন্ডাররাইট করতে পারবে না।আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার জটিলতার ব্যাপারে ডিএসইর এই নেতা বলেন, আরএন স্পিনিংয়ের রাইট শেয়ারের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন যাচাই-বাছাই করা হয়েছে। ডিএসইর পক্ষ থেকে এসইসির সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।