এমজেএল বাংলাদেশ ও এমআই সিমেন্টের তালিকাভুক্তির মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বৃহস্পতিবার সংস্থাটির এক সভায় কোম্পনি দুটির এ-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠান দুটির তালিকাভুক্তির ব্যাপারে কিছু অগ্রগতি পরিলক্ষিত হওয়ায় কমিশন এ দুটি প্রতিষ্ঠানের তালিকাভুক্তির মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কোম্পানি দুটির শেয়ার অতিমূল্যায়িত হয়েছে—এ অভিযোগে সরকারের নির্দেশে এসইসি গত ২০ জানুয়ারি তাদের তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করে। পরে শর্ত সাপেক্ষে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়। কিন্তু যে শর্ত দেওয়া হয়েছে তা কোম্পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক—এ কথা বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুটিকে তালিকাভুক্ত করেনি। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার এই টানাহেঁচড়ার মধ্যে বিধি অনুযায়ী কোম্পানি দুটির তালিকাভুক্তির জন্য নির্ধারিত সময় পার হয়ে যায়। এ কারণে এখন বার বার সময় বাড়াতে হচ্ছে।