মেডিক্সপো-২০১০ মেলায় যোগ দিতে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বাধীন একটি বাণিজ্য প্রতিনিধিদল গতকাল রোববার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ রওনা হয়েছেন।সফরকালে প্রতিনিধিদল পণ্য রপ্তানিতে বিদ্যমান অশুল্ক প্রতিবন্ধকতা দূরীকরণ ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে উজবেক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন।আগামী মঙ্গলবার থেকে তাসখন্দে ‘মেডিক্সপো-২০১০’ শীর্ষক তিন দিনব্যাপী বাণিজ্য মেলা শুরু হবে। বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা মঙ্গলবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি তাঁরা বাংলাদেশের ওষুধ শিল্পসম্পর্কিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন।প্রসঙ্গত, উজবেকিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উত্পাদনকারী দেশ। বাংলাদেশের বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল তুলার উল্লেখযোগ্য অংশ উত্তর এশিয়ার এ দেশটি থেকে আমদানি করা হয়। তবে দেশটির সঙ্গে বাংলাদেশের রয়েছে ব্যাপক বাণিজ্য ঘাটতি। ২০০৯-১০ অর্থবছরে উজবেকিস্তান থেকে বাংলাদেশ ৪৪২ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ উজবেকিস্তানে মাত্র চার দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল। তবে বর্তমানে উজবেকিস্তানে বাংলাদেশি পণ্য রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।—বাসস