
বিশ্বের যেকোনো জায়গা থেকে তাৎক্ষণিকভাবে ব্যাংকে টাকা জমা রাখার সুযোগ তৈরি হলো বাংলাদেশে। অর্থ প্রেরণ কোম্পানি ট্রান্সফাস্টের সহযোগিতায় ব্র্যাক ব্যাংক এই সেবা নিয়ে এসেছে। এর ফলে ট্রান্সফাস্টের গ্রাহকেরা ব্র্যাক ব্যাংকের যেকোনো হিসাবের মাধ্যমে সেবাটি নিতে পারবেন। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে।
ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে ট্রান্সফাস্টের প্রধান নির্বাহী সামিশ কুমার, এশিয়া ও আফ্রিকা অঞ্চলের পরিচালক সামির বিধাতে, দেশীয় প্রধান মোহাম্মদ খাইরুজ্জামান এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ফিরোজ আহমেদ খান, কমিউনিকেশনস প্রধান জারা জাবীন মাহবুব ও রিটেইল সেলসের প্রধান মামুর আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সেবার আওতায় ট্রান্সফাস্ট গ্রাহকেরা অনলাইন, মোবাইল ফোন বা বিশ্বের যেকোনো স্থানীয় এজেন্টের মাধ্যমে বাংলাদেশে স্বজনদের কাছে টাকা পাঠাতে পারবেন।