তাৎক্ষণিক হরতাল ডাকায় তীব্র নিন্দা এফবিসিসিআইয়ের
জামায়াতে ইসলামী আজ বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে হরতাল আহ্বান করায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই) তীব্র নিন্দা জ্ঞাপন করেছে।গতকাল রাতে সংবাদপত্রে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই বলেছে, ২৪ ফেব্রুয়ারি হরতালের পর আজ ২৮ ফেব্রুয়ারি আবার একটি রাজনৈতিক দল কর্তৃক দেশব্যাপী সকাল-সন্ধ্যা তাৎক্ষণিক হরতাল আহ্বান করায় এফবিসিসিআই তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং এ ধরনের হরতালকে দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ কোনো সমর্থন করছে না।ঘন ঘন হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করে এতে আরও বলা হয়েছে, এ জন্য দেশের ব্যবসায়ী সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। এফবিসিসিআই হরতাল প্রত্যাহারের জন্য জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের আত্মঘাতী হরতাল না করতে সব রাজনৈতিক দলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে। এদিকে আবার হরতাল ডাকায় গভীর উদ্বেগ প্রকাশকরেছে তৈরি পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ।