তিতাস গ্যাস আরও ১০ শতাংশ শেয়ার ছাড়বে পুঁজিবাজারে
শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস আরও ১০% বা নয় কোটি ৪২ লাখের বেশি শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সম্প্রতি এ তথ্য দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে বাজারমূল্যে এই শেয়ার ছাড়া হবে। তালিকাভুক্ত কোম্পানির অধিকতর শেয়ার ছাড়াসংক্রান্ত সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের আলোকে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন কোম্পানি তিতাস গ্যাসের মোট শেয়ারসংখ্যা ৯৪ কোটি ২১ লাখ ১৬ হাজার ৩০টি। এর মধ্যে ২৫ শতাংশ শেয়ার প্রথম দফায় বাজারে ছাড়া হয়।আর বাকি ৭৫ শতাংশ শেয়ারের মালিকানা সরকারের হাতে রেখে দেওয়া হয়। ওই ৭৫ শতাংশের মধ্য থেকে সরকারি সিদ্ধান্তে নতুন করে আরও ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে।