তিতাস গ্যাসকে ১৭ কোটি ডলার দেবে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাসের উন্নয়নে ১৬ কোটি ৭০ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টাকার অঙ্কে এর পরিমাণ ১ হাজার ৩২০ কোটি টাকা (৭৯ টাকা প্রতি ডলার হিসাবে)। তিতাস গ্যাসের উৎপাদন ক্ষমতা ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে এ অর্থ খরচ করা হবে।
গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। নিজ নিজ পক্ষে চুক্তি সই করেন ইআরডিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি।
জানা গেছে, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এ প্রকল্পে আরও ৬ কোটি ডলার ঋণ দেবে। এর আগে এআইআইবির পর্ষদে চূড়ান্ত অনুমোদন হতে হবে। এটি এডিবি ও এআইআইবির অর্থায়নে দ্বিতীয় প্রকল্প।
কাজুহিকো হিগুচি বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুততর গতিতে এগিয়ে যাচ্ছে। তাই এ দেশের অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি চাহিদা পূরণ করতে হবে।
৪৫ কোটি ৬০ লাখ ডলারের এ প্রকল্পটি ২০২১ সালে শেষ হবে। এর মধ্যে সরকার দেবে ২২ কোটি ৬০ লাখ ডলার। এ প্রকল্পের মাধ্যমে তিতাস গ্যাস ক্ষেত্রের চাপ বাড়াতে সাতটি গ্যাস কম্প্রেসর বসানো হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে বাখরাবাদ পর্যন্ত প্রায় ১৮১ কিলোমিটার লাইন আধুনিকীকরণ করা হবে।