তিতাস গ্যাসের এজিএমে ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদিত
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০০৯-১০ অর্থবছরে শেয়ারধারীদের জন্য ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ হারে বোনাস শেয়ার অনুমোদন করা হয়।রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং তিতাস বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহউদ্দিন সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির অন্যান্য পরিচালক ও শেয়ারধারী উপস্থিত ছিলেন।সভায় শেয়ারধারীরা কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার স্থলে ১০ টাকায় পরিবর্তন করার দাবি তুললে কোম্পানির চেয়ারম্যান জানান, সরকারি প্রতিষ্ঠান হিসেবে কিছু সীমাবদ্ধতা থাকায় আপাতত শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকায় পরিবর্তনের প্রস্তাব গ্রহণের সুযোগ নেই। সভায় জানানো হয়, ২০০৯-১০ অর্থবছরে কোম্পানি এক হাজার ৪৯৬ কোটি ২৯ লাখ ঘনমিটার গ্যাস বিক্রি করে ছয় হাজার ৩৭৯ কোটি ৪৯ লাখ টাকা টাকা রাজস্ব আয় করেছে, যা বিগত অর্থবছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি। ২০০৯-১০ অর্থবছরে কোম্পানির করপূর্ব ও করপরবর্তী নিট মুনাফা করেছে যথাক্রমে ৯৮৬ ও ৭৩৩ কোটি ৩১ লাখ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে যথাক্রমে ৩৪ দশমিক ৫৫ ও ৩৪ দশমিক ৪৭ শতাংশ বেশি।