তিতাসসহ জ্বালানি খাতের মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে গ্যাস-সংযোগ দেওয়ার ক্ষেত্রে আইনগত আর কোনো বাধা নেই। গত মঙ্গলবার উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ এ-সংক্রান্ত একটি আদেশ দিয়েছেন। এর ফলে নতুন গ্যাস-সংযোগ দেওয়ার ক্ষেত্রে আইনগত বাধা দূর হলো। এই খবর গতকাল বুধবার শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। দেশের বৃহত্তম গ্যাস-সংযোগ প্রদানকারী সরকারি কোম্পানি তিতাস গ্যাসের শেয়ারের দামে এই প্রভাব ছিল সবচেয়ে বেশি। এদিকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেনের পরিমাণ কমে গেছে। একই অবস্থা ছিল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। ঢাকার বাজারে এদিন তিতাস গ্যাসের প্রতিটি শেয়ারের দাম প্রায় তিন শতাংশ বা ২ টাকা বেড়ে হয়েছে ৭০ টাকা। এ ছাড়া লেনদেনেও শীর্ষে উঠে এসেছে এই খাতটি। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন গ্যাস-সংযোগের খবরে এই খাতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে, তিতাস গ্যাসের শেয়ারের দরবৃদ্ধি এ খাতের অন্যান্য কোম্পানির দরবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। গতকাল এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৪ শতাংশ। জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ‘নতুন করে গ্যাস-সংযোগ দেওয়ার ক্ষেত্রে আইনগত বাধা দূর হওয়ার খবরটি গ্যাস-সংযোগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বড় বিষয়। বিশেষ করে, সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাসের ওপর এর প্রভাব অনেকখানি। কারণ, নতুন গ্যাস-সংযোগ প্রদানের সঙ্গে সঙ্গে কোম্পানিটির আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। সামনে কোম্পানিটির আর্থিক বছর শেষ হবে। তার সঙ্গে যুক্ত হবে নতুন গ্যাস-সংযোগের বিষয়টি। এসব বিবেচনায় কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ তৈরি হয়েছে। এর প্রভাবে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।’ তিতাস গ্যাসের এই দরবৃদ্ধি গতকাল ডিএসইর মূল্যসূচকে সর্বাধিক ইতিবাচক প্রভাব ফেলেছে। কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, শুধু তিতাস গ্যাসের দরবৃদ্ধির কারণে এদিন ডিএসইর সূচক বেড়েছে শূন্য দশমিক ১২ শতাংশ। ডিএসইতে গতকাল লেনদেনের শুরু থেকে সূচকের উত্থান-পতন শেষে সাধারণ সূচকে যুক্ত হয়েছে ৩ পয়েন্ট। এর ফলে দিন শেষে সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার ৭০২ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স মাত্র ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫৭৩ পয়েন্টে। এদিন ঢাকার বাজারে ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১৭০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫০ কোটি টাকা কম। এ বিষয়ে মাশরিব জাহিদ বলেন, ‘বাজার এখন নির্দেশনাহীনভাবে চলছে। নতুন বিনিয়োগ আসছে না। বিনিয়োগের সামর্থ্য যাঁদের আছে তাঁরা বাজার সম্পর্কে আগাম কোনো ধারণা পাচ্ছেন না। ফলে বিনিয়োগে তাঁদের খুব বেশি আগ্রহ তৈরি হচ্ছে না। নতুন বিনিয়োগ বাড়ানো সম্ভব না হলে বাজার নিয়ে খুব ভালো কিছু প্রত্যাশা করা যায় না।’ বাজার পর্যালোচনায় দেখা যায়, খাতভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধিতে শীর্ষে ছিল তথ্যপ্রযুক্তি খাত। গতকাল এ খাতের প্রতিটি কোম্পানির শেয়ারের দাম গড়ে প্রায় ৬ শতাংশ বেড়েছে। এ খাতের লেনদেন হওয়া ছয়টি কোম্পানির প্রতিটিরই দাম বেড়েছে। যদিও হঠাৎ করে এ খাতের কোম্পানিগুলোর প্রায় ৬ শতাংশ দরবৃদ্ধির সঠিক কোনো কারণ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারেননি। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৮৮টিরই দাম কমেছে, বেড়েছে ৮১টির আর অপরিবর্তিত ছিল ১৯টির দাম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১১৫ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা কম।