তিন আর্থিক প্রতিষ্ঠানকে ১ হাজার ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন
দুটি ব্যাংক ও একটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে মোট ১ হাজার ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যে তিনটি প্রতিষ্ঠানকে বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হলো ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তালিকাভুক্ত দুটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে) এবং দুই ব্যক্তিকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।
বিএসইসি জানিয়েছে, ইসলামী ব্যাংককে ৫০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি অরূপান্তরযোগ্য বন্ড ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে। বন্ড ছেড়ে সংগৃহীত অর্থে ব্যাংকটি তাদের মূলধনঘাটতি পূরণ করবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। শুধু আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের তহবিলের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড বিক্রি করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করবে গ্রীণ ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি।
ন্যাশনাল ব্যাংককে ৪০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি অরূপান্তরযোগ্য বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান ও উচ্চসম্পদশালী ব্যক্তিরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড কেনার সুযোগ পাবেন। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থে ব্যাংকটি মূলধনঘাটতি পূরণ করবে। ন্যাশনাল ব্যাংকের বন্ডেরও ট্রাস্টি হিসেবে রয়েছে গ্রীণ ডেলটা ইনস্যুরেন্স।
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সকে ৫০০ কোটি টাকার ৩ বছর মেয়াদি অরূপান্তরযোগ্য জিরো কুপন বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। চলমান ব্যবসার নগদ অর্থের সংস্থান করতে প্রতিষ্ঠানটি এ বন্ড ছাড়ার উদ্যোগ নিয়েছে। বন্ডটির প্রতিটি ইউনিটের ফেস ভ্যালু নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের তহবিলের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড বিক্রি করা হবে।
এর বাইরে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে) দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। কোম্পানিটি ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েও তা সম্পূর্ণভাবে কার্যকর না করায় এবং ঘোষণাটি মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ না করার দায়ে এ জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও অলটেক্স স্পিনিংয়ে বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ পদে চাকরিরত অবস্থায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তি তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে তাঁর স্ত্রী শামীমা নজরুলের নামে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার কেনেন। পরে ওই শেয়ার বিক্রি করে তিনি প্রায় ৩২ লাখ টাকা মুনাফা করেন। এর ফলে নজরুল ইসলাম ও তাঁর স্ত্রীকে পুঁজিবাজারের সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা ভঙ্গ করায় ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
পাশাপাশি বিএসইসির গতকালের সভায় তালিকাভুক্ত কোম্পানি রাসপিট ডাটা ম্যানেজমেন্ট এবং টেলিকমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে) এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সময়মতো আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য কোম্পানিটির পরিচালকদের এ জরিমানা করা হয়।