তিন কোটি ডলারের ওষুধ রপ্তানির আদেশ পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রথমবারের মতো ফিলিপাইনে তিন দিনব্যাপী একক বাণিজ্য মেলার আয়োজন করেছে। এতে বাংলাদেশের ১৫টি ফার্মাসিউটিক্যালস বা ওষুধ কোম্পানি তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ওষুধ প্রদর্শন করে।এই মেলায় ফিলিপাইনের বিপুলসংখ্যক ওষুধ ব্যবসায়ী ও পরিবেশকের সমাগম ঘটে। মেলার শেষ দিনে বাংলাদেশি কোম্পানিগুলো দুই কোটি ৯০ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ ওষুধ রপ্তানির আদেশ পায়।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সম্প্রতি ‘বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস এক্সপো-২০১০’ শীর্ষক এই মেলা অনুষ্ঠিত হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এই মেলার আয়োজন করে।মেলা উপলক্ষে সেখানে একটি সেমিনারেরও আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ম্যানিলায় নিযুক্ত রাষ্ট্রদূত ইখতিয়ার এম চৌধুরী। এতে বাংলাদেশ ওষুধশিল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাবেক সভাপতি সফিউজ্জামান। সেমিনারে আরও বক্তব্য দেন ফিলিপাইনের ব্যুরো অব ফুড অ্যান্ড ড্রাগসের পণ্যসেবা বিভাগের প্রধান জয়সে চিরুনে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিলিপাইনের স্বাস্থ্যসচিব এসপ্যারানজল ক্যাব্রাল, ফিলিপাইনে মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস এবং মেলার প্যাভিলিয়ন পরিচালক মো. মনিরুজ্জামান ও সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জামালি। উল্লেখ্য, ইপিবি বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের একক বাণিজ্য মেলা আয়োজন করে আসছে।