দেশের সব মুঠোফোন টাওয়ার পরিচালনায় তিনটি কোম্পানিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব প্রতিষ্ঠান মুঠোফোন অপারেটরদের কাছ থেকে টাওয়ারের মালিকানা কিনে নিয়ে এগুলো পরিচালনা করবে।
২০১৫ সালে তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের মাধ্যমে মুঠোফোন টাওয়ার ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেয় বিটিআরসি। এ জন্য সে সময় একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়। ওই নীতিমালায় দুটি কোম্পানিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত পরিবর্তন করে দুটির পরিবর্তে তিনটি কোম্পানিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে।
টাওয়ার পরিচালনায় যোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে ‘বিউটি কনটেস্ট’ পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানা গেছে। বিউটি কনটেস্ট প্রক্রিয়ায় একটি কমিটি নির্দিষ্ট কিছু যোগ্যতার ভিত্তিতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে একটি প্রতিষ্ঠানকে যোগ্য নির্বাচিত করে। এতে অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানের কারিগরি ও আর্থিক সামর্থ্যের বিষয়গুলো নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যাচাই-বাছাই করা হয়।
দুটি প্রতিষ্ঠানকে সব টাওয়ার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার বিষয়টি বিরোধিতা করে গত বছর যৌথভাবে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিটিআরসিকে একটি চিঠি দেয়। এতে বলা হয়েছিল, এমন উদ্যোগ বাজারে ডুয়োপলি বা দুটি প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য ও অদক্ষতা তৈরির সুযোগ করে দেবে। অর্থনৈতিকভাবে শক্তিশালী ও কারিগরি সক্ষমতা আছে এমন যেকোনো প্রতিষ্ঠানই যাতে টাওয়ার তৈরি করতে পারে, এমন সুযোগ থাকা উচিত। এতে বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে ও সুষ্ঠু প্রতিযোগিতাও নিশ্চিত হবে।
বিটিআরসির পরিবর্তিত নীতিমালা অনুযায়ী, যে তিনটি প্রতিষ্ঠান টাওয়ার পরিচালনার লাইসেন্স পাবে, সেগুলোতে বিদেশি প্রতিষ্ঠানের মালিকানা থাকতে পারবে সর্বোচ্চ ৬০ শতাংশ। বাকি ৪০ শতাংশ মালিকানা দেশীয় কোম্পানির হাতে থাকবে। অর্থাৎ এসব কোম্পানিতে দেশি-বিদেশি যৌথ বিনিয়োগ থাকবে।
একটি টাওয়ার যাতে একাধিক মুঠোফোন অপারেটর ভাগাভাগি করে ব্যবহার করতে পারে, সে জন্য ২০০৮ সালে ‘টাওয়ার শেয়ারিং’ নীতিমালা চালু করে বিটিআরসি। দেশে টাওয়ারের সংখ্যা কমানো, জমি ও বিদ্যুতের অপচয় ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, সবদিক বিবেচনা করেই তিনটি প্রতিষ্ঠানকে টাওয়ার পরিচালনায় লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভিন্ন মুঠোফোন অপারেটরের হিসাব অনুযায়ী ২০১৬ সাল পর্যন্ত সব অপারেটর মিলিয়ে দেশে টাওয়ার আছে ৩০ হাজার। বর্তমানে বিটিআরসির অনাপত্তিপত্র নিয়ে মালয়েশিয়াভিত্তিক ইডটকো নতুন টাওয়ার তৈরি ও ব্যবস্থাপনার কাজ করছে। ইডটকোতে মুঠোফোন অপারেটর রবির ২০ শতাংশ মালিকানা রয়েছে। এ ছাড়া গ্রামীণফোন ও বাংলালিংক তাদের টাওয়ার আলাদা কোম্পানির মাধ্যমে পরিচালনার জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে।