তিন কোম্পানি ৬৮ কোটি টাকার মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন তিনটি কোম্পানিকে মোট ৬৮ কোটি ৫০ লাখ টাকা মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বুধবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মূলধন বাড়ানোর অনুমোদন পাওয়া কোম্পানি তিনটি হলো: ফাইবার হোমস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ও ন্যাশনাল ফিড মিল। এদের মধ্যে ফাইবার হোমস ১০ টাকা মূল্যের দুই কোটি পাঁচ লাখ শেয়ার ছেড়ে ২০ কোটি ৫০ লাখ টাকা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ১০০ টাকা মূল্যের ৩৩ লাখ শেয়ার ছেড়ে ৩৩ কোটি টাকা এবং ন্যাশনাল ফিড মিল ১০ টাকা মূল্যের দেড় কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।এর মধ্যে ন্যাশনাল ফিড মিল বর্তমান শেয়ারধারীদের মধ্যে ২০ শতাংশ হারে ৫০ লাখ বোনাস শেয়ার ছেড়ে পাঁচ কোটি টাকা মূলধন বাড়ানোর অনুমোদন পেয়েছে। এর বাইরে কোম্পানিটি অন্যদের মধ্যে এক কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। অপর দুটি কোম্পানি নতুন করে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াবে।