তিন কোম্পানিকে মূলধন বাড়ানোর অনুমতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন তিনটি কোম্পানিকে মূলধন বাড়ানোর অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির ৪৫৬তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রতিষ্ঠান তিনটি হলো বায়জিদ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোরেস (বাংলাদেশ) লিমিটেড ও পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।এসইসি সূত্রে জানা যায়, বায়জিদ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ টাকা মূল্যের তিন কোটি সাধারণ শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। এর ফলে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা থেকে ৪০ কোটি টাকায় উন্নীত হবে।অন্যদিকে, কোরেস (বাংলাদেশ) লিমিটেড এক কোটি ৩০ লাখ রিডিমেবল কিউমুলেটিভ প্রিফারেন্সকে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৩ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমতি দিয়েছে এসইসি। এর ফলে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ১০ কোটি থেকে ২৩ কোটি টাকায় উন্নীত হবে।আজকের সভায় পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে মূলধন উত্তোলনের অনুমতি দিয়েছে এসইসি। প্রতিষ্ঠানটি ১০০ টাকা মূল্যের ৬৪ লাখ ৬১ হাজার ৮৩০টি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৬৪ কোটি ৬১ লাখ ৮৩ হাজার টাকা উত্তোলন করবে।এছাড়াও আজ এসকে আকিজুদ্দিন লিমিটেডের ১০০ কোটি টাকার সাবোর্ডিনেট ননকনভারটেবল আনসিকিউরড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে এসইসি।এই বন্ডটিতে কেবল ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরাই বিনিয়োগ করতে পারবেন। এর প্রতিটি ইউনিটের মূল্য হবে এক কোটি টাকা। বন্ডটির সোল লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্ট লিমিটেড।