তিন কোম্পানির আইপিওতে আবেদনের নতুন তারিখ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পাওয়া তিনটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার এসইসির ৪৪৮তম কমিশন সভায় এ ঘোষণা দেওয়া হয়।চাঁদা গ্রহণের অনুমোদন পাওয়া কোম্পানিগুলো হলো, এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড ও আর্গন ডেনিমস লিমিটেড।এর আগে প্রতিষ্ঠান তিনটির আবেদনের পরিপ্রেক্ষিতেই আইপিওর চাঁদা সংগ্রহের প্রক্রিয়া স্থগিত করে এসইসি। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এনভয় টেক্সটাইল মিলসের আইপিওর চাঁদা সংগ্রহের আবেদন গ্রহণ করা হবে। এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড ১০ টাকার অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ৯০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। আর সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের আইপিওর চাঁদা সংগ্রহ করা হবে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। এ প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সঙ্গে ৩০ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এর আগে কোম্পানিটিকে ৪৫ টাকা প্রিমিয়ামের অনুমোদন দিয়েছিল এসইসি।অন্যদিকে, আগামী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আরগন ডেনিমস লিমিটেডের আইপিওর চাঁদার আবেদন গ্রহণ করা হবে। এ কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২৫ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।