তিন কোম্পানির রাইট শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানিগুলো হলো কনফিডেন্স সিমেন্ট, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড। কোম্পানি তিনটি তাদের বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে পৃথকভাবে ১০৭ কোটি ২৮ লাখ ৪১ হাজার টাকা সংগ্রহ করবে।এসইসির এক সভায় গত মঙ্গলবার কোম্পানিগুলোর রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে সংগৃহীত মূলধন ব্যবসা সম্প্রসারণ ও বহুমুখীকরণের কাজে ব্যবহার করা হবে বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে এসইসিকে জানানো হয়েছে। কনফিডেন্স সিমেন্ট প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব করেছে। সেই হিসেবে কোম্পানিটি নতুন করে সাত লাখ ৫২ হাজার ৪০০টি শেয়ার ছাড়বে। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য প্রিমিয়াম (অভিহিত মূল্যের অতিরিক্ত) নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। সব মিলিয়ে কোম্পানিটি ৫২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা সংগ্রহ করবে। সংগৃহীত এ অর্থ সিমেন্ট উৎপাদনে নতুন ইউনিট স্থাপন, সহযোগী দুই প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবসায় কাজে লাগানো হবে। ড্যাফোডিল কম্পিউটার্স বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি (১:১) হিসেবে দুই কোটি ২৮ লাখ ৫৩ হাজার শেয়ার ছাড়ার প্রস্তাব করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটিতে কোনো প্রিমিয়াম থাকছে না। অর্থাৎ, প্রতিটি রাইট শেয়ার ১০ টাকা দরেই পাওয়া যাবে। এই হিসেবে কোম্পানিটি বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে ২২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার টাকা সংগ্রহ করবে। সংগৃহীত এসব অর্থ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধীনে প্রতি জেলায় একটি করে ইংরেজি মাধ্যম স্কুল স্থাপনে ব্যয় করা হবে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানিও বিদ্যমান প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার প্রস্তাব করেছে। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে প্রিমিয়াম ধরা হয়েছে ৫০ টাকা। সেই হিসেবে কোম্পানিটি ২১ লাখ ১৭ হাজার শেয়ার ছেড়ে ৩১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করবে। শিগগিরই কোম্পানি তিনটি রাইট শেয়ারের জন্য মনোনীত শেয়ারহোল্ডার নির্ধারণের দিন বা রেকর্ড ডেট ঘোষণা করবে। ওই দিন পর্যন্ত যেসব বিনিয়োগকারীর কাছে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার থাকবে তাঁরাই রাইট শেয়ারের জন্য মনোনীত হবেন।