তিন কোম্পানির রাইট শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে বিমা খাতের দুটি ও উৎপাদন খাতের একটি কোম্পানি রয়েছে। কোম্পানিগুলো হলো: জনতা ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানি তিনটি বিদ্যমান শেয়ারধারীদের মধ্যে রাইট শেয়ার ছেড়ে পৃথকভাবে ৬৭ কোটি ৫২ লাখ টাকার মূলধন সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় গতকাল সোমবার কোম্পানিগুলোর রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়। তবে বিধিসম্মত না হওয়ায় বৈঠকে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব বাতিল করা হয়েছে। এসইসির বৈঠক শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। সাইফুর রহমান জানান, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ বর্তমান শেয়ারধারীদের জন্য একটির বিপরীতে একটি (১:১) রাইট শেয়ার প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানটি ৯৯ লাখ ৯৮ হাজার ৩০০টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম পড়বে ২০ টাকা, যার মধ্যে প্রিমিয়াম (উপরি মূল্য) নেওয়া হবে ১০ টাকা।জনতা ইন্স্যুরেন্স বর্তমান শেয়ারধারীদের জন্য একটির বিপরীতে দুটি (১:২) রাইট শেয়ার ঘোষণা করে। প্রতিষ্ঠানটি ১৬ লাখ ২৬ হাজার ২৪০টি শেয়ারের বিপরীতে পুঁজিবাজার থেকে ৩২ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম পড়বে ২০০ টাকা। যার মধ্যে প্রিমিয়াম নেওয়া হবে ১০০ টাকা।পাইওনিয়ার ইন্স্যুরেন্স বর্তমান শেয়ারধারীদের জন্য পাঁচটির বিপরীতে একটি (৫:১) রাইট শেয়ার ঘোষণা করে। প্রতিষ্ঠানটি তিন লাখ ৭৫ হাজার সাধারণ শেয়ারের বিপরীতে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম পড়বে ৪০০ টাকা। যার মধ্যে প্রিমিয়াম নেওয়া হবে ৩০০ টাকা।এমটিবি: গতকালের বৈঠকে এসইসি এমটিবি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট চুক্তি ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করেছে। ফান্ডটির উদ্যোক্তা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, কাস্টোডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড ও অ্যাসেট ম্যানেজার এইমস অব বাংলাদেশ লিমিটেড।এই মিউচুয়াল ফান্ডটি একটি স্কিম বেইজড ফান্ড। তাই এর আকার এখনো নির্ধারিত হয়নি। আমব্রেলা ট্রাস্ট চুক্তির অধীনে এটি অনুমোদিত হয়েছে। একের পর এক এর আওতায় বিভিন্ন স্কিম আসতে থাকবে।এদিকে জিবিবি পাওয়ার লিমিটেডের আইপিওর আবেদন অনুমোদন করেনি এসইসি। প্রতিষ্ঠানটির শেয়ারের প্রস্তাবিত দাম বেশি মনে হওয়ায় পুনরায় আর্থিক বিবরণী এসইসিতে জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া নর্দার্ন পাওয়ার সলুশনের রূপান্তরযোগ্য বন্ড ছাড়ার বিষয়টি গতকালের বৈঠকে আলোচনা হয়নি। এটি অবশ্য কার্যসূচিতে ছিলও না।লেনদেন স্থগিত: অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল সোমবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানি চারটি হলো—আনোয়ার গ্যালভানাইজিং, লিগ্যাসি ফুটওয়্যার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও দুলামিয়া কটন। ডিএসইর সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোর দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান চলছে। এ কারণে তাদের শেয়ার লেনদেন স্থগিত করা হয়।