তিন খাতেই বরাদ্দ ১ লাখ ১৫ হাজার কোটি টাকা
আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তিনটি খাতেই বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি টাকা। এগুলো হচ্ছে বেতন-ভাতা, সুদ পরিশোধ এবং ভর্তুকি ও প্রণোদনা।
অর্থমন্ত্রী একটি বড় বাজেট উপস্থাপন করেছেন ঠিকই, কিন্তু এর বড় অংশই চলে যাবে অনুন্নয়ন বাজেটের এই তিন খাতে। এরপর ব্যয় করার জন্য অর্থমন্ত্রীর হাতে থাকে খুবই কম অর্থ।
প্রস্তাবিত বাজেটে বেতন-ভাতায় ৫৩ হাজার ৮৩৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ বরাদ্দ ৫০ হাজার ৭৭৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেটে ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা।
সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪১ হাজার ৪৫৭ কোটি টাকা, যার মধ্যে অভ্যন্তরীণ সুদ ৩৯ হাজার ৫১১ কোটি টাকা ও বিদেশি ঋণের সুদ ১ হাজার ৯৪৬ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে তা ৩৯ হাজার ৯৫১ কোটি টাকা এবং সংশোধিত বাজেটে ৩৫ হাজার ৩৫৮ কোটি টাকা ছিল।
আগামী বাজেটে এ ছাড়া ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ রাখা হয়েছে ১৯ হাজার ৪৫৪ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে অবশ্য কৃষি ভর্তুকির অংশ হিসাব করা হয়নি। চলতি অর্থবছরের মূল বাজেটে ১৭ হাজার ৭২৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেটে ১৫ হাজার ৩৩০ কোটি টাকা ধরা হয়।