তিন চ্যালেঞ্জ নিয়ে নতুন বছরে অর্থনীতি
নতুন বছর ২০১১ সালে বাংলাদেশ যখন পদার্পণ করেছে, তখন অর্থনীতিতে নানা ধরনের চ্যালেঞ্জ ও সমস্যা সঙ্গী হচ্ছে। এগুলোর মধ্য থেকে মোটা দাগে তিনটি প্রধান চ্যালেঞ্জ দৃশ্যমান হচ্ছে—মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপ, প্রবাসী-আয় প্রবাহে নিম্নমুখী প্রবণতা এবং অবকাঠামোজনিত প্রতিবন্ধকতা।আর এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা না গেলে শেষ পর্যন্ত চলতি ২০১০-১১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭০ শতাংশ অর্জন করা কঠিন হয়ে পড়বে। ২০১০ পঞ্জিকা বছরের শেষ ছয় মাস চলতি অর্থবছরের প্রথমার্ধ (জুলাই-ডিসেম্বর) হিসেবে অতিবাহিত হয়েছে।মূল্যস্ফীতির সর্বশেষ উপাত্ত পাওয়া যাচ্ছে অক্টোবর মাস পর্যন্ত। সরকার অবশ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে স্বস্তি খুঁজে পেতে পারে মাসওয়ারি পরিসংখ্যানে, যেখানে অক্টোবরে এই হার হয়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬১ শতাংশ।কিন্তু ২০১০-১১ অর্থবছরের বার্ষিক গড় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা যখন সাড়ে ৬ শতাংশ, তখন অর্থবছরের চতুর্থ মাসে (অক্টোবরে) এসে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে রয়ে গেছে (৮ দশমিক ১২ শতাংশ)। আর জুন মাসে এই হার ছিল ৭ দশমিক ৩১ শতাংশ।বছরের শেষ ভাগে এসে সরকারকে আবার খোলা বাজারে সাশ্রয়ী মূল্যে চাল-ডাল বিক্রির কার্যক্রম (ওএমএস) চালু করতে হয়েছে। এটাই প্রমাণ করে, মূল্যস্ফীতির বিশেষত, খাদ্যের মূল্যস্ফীতির চাপ সরকারের তথা অর্থনীতির ব্যবস্থাপনায় একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম শেষ ভাগে এসে যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে সীমিত আয়ের মানুষের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সহসা এই চাপ কমে যাবে, এমনটা ভাবা কঠিন। খুচরা পর্যায়ে ভোজ্যতেলের দর বেঁধে দেওয়ার সরকারি প্রয়াস তেমন একটা সুফল দেয়নি।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এ প্রসঙ্গে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, মূল্যম্ফীতি প্রশমনের জন্য কোনো সামষ্টিক অর্থনৈতিক হাতিয়ার সরকারের হাতে নেই। সরকারের বরং উচিত গরিব ও প্রান্তিক মানুষকে মূল্যস্ফীতির কষাঘাত থেকে সুরক্ষার ব্যবস্থা করা।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, প্রধানত খাদ্যের মূল্যস্ফীতি অনেক বেশি, যা সাধারণ মানুষকে বড় ধরনের কষ্টে ফেলেছে। আর তাই নতুন বছরে মূল্যস্ফীতির চাপ কমানোর দিকে নজর দিতে হবে।অন্যদিকে প্রথম আলোর সঙ্গে আলাপকালে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘মূল্যস্ফীতি প্রশমনে অবশ্যই নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতি অনুসরণ করতে হবে, ঋণপ্রবাহ কমিয়ে আনতে হবে।’ তিনি আরও বলেন, সরকার এখন যে খোলা বাজারে কম দামে চাল-ডাল বিক্রি করছে, তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তেমন কোনো কাজে আসবে না। এগুলো বড়জোর কিছু সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কাজ করতে পারে।বাজারে চালের উচ্চমূল্যের কথা উল্লেখ করে আহসান মনসুর কৃষি উৎপাদনে ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দেন। তিনি বলেন, কৃষকেরা দামের প্রতিই বেশি সাড়া দেন। সেটা বিবেচনায় নিতে হবে। আর বিশ্ববাজারেও চালের দাম বাড়ছে।বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান প্রবাসী-আয় প্রবাহেও সাম্প্রতিক সময়ে ভাটা পড়েছে। এটি নিম্নমুখী হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়কালে অর্থাৎ, প্রথম পাঁচ মাসে প্রবাসী-আয় প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮০ শতাংশ কমে গেছে। আর শুধু নভেম্বর মাসেই প্রবাসী-আয় আগের বছরের একই মাসের চেয়ে কমেছে প্রায় ১০ শতাংশ।এ প্রসঙ্গে মির্জ্জা আজিজ বলেন, জনশক্তি রপ্তানি কমে যাওয়ার ফলে প্রবাসী-আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। আর এটা অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে উঠেছে।মুজেরী বলেন, এর ফলে লেনদেনের ভারসাম্যের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। আগামী দিনেও যদি এই প্রবণতা বজায় থাকে, তাহলে সার্বিকভাবে বহিস্থ খাত বড় ধরনের চাপে পড়বে।উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত কমে হয়েছে ৮৩ কোটি ৪০ লাখ ডলার, যেখানে ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১২৯ কোটি ২০ লাখ ডলার। প্রবাসী-আয়ের প্রবাহ হ্রাস পাওয়ার ফলেই এ অবস্থা সৃষ্টি হয়েছে। অথচ প্রবাসী-আয়ের উচ্চপ্রবাহ গত কয়েক বছরে বাংলাদেশের চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত বজায় রাখতে সহায়তা করেছে।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না।আহসান মনসুরও প্রবাসী-আয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সৌদি আরবে আমাদের জনশক্তি রপ্তানি কার্যত থমকে গেছে। এই গুরুত্বপূর্ণ বাজারটিতে জনশক্তি রপ্তানি বাড়াতে সরকারের শীর্ষস্থানীয় পর্যায় থেকে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।’ তিনি আরও বলেন, সৌদি আরব সে দেশে বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পুনর্গঠনের কাজ শুরু করেছে। তাই তাদের প্রবাসী শ্রমিকের চাহিদাও বাড়ছে। অথচ বাংলাদেশিরা এখানে প্রবেশ করতে পারছে না।বিদায়ী বছরে গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামোর সংকট অর্থনীতিকে ভুগিয়েছে। মির্জ্জা আজিজ এই অবস্থাকে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেন। আর তাই আলোচ্য অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা (৬ দশমিক ৭০ শতাংশ) যে অর্জিত হবে না, সে বিষয়ে তিনি প্রায় নিশ্চিত। তাঁর মতে, প্রবৃদ্ধির হার শেষ পর্যন্ত ৬ শতাংশের কাছাকাছি থাকবে।আহসান মনসুর অবকাঠামোর সমস্যাটিকে যুক্ত করেছেন সুশাসনের সমস্যার সঙ্গে। তিনি বলেন, ‘রাস্তাঘাট নির্মাণ করা হলো। অথচ কয়েক দিন পর তা ভেঙে গেল, ব্যবহারোপযোগিতা হারাল, তাহলে তো এই নির্মাণ কোনো কাজে এল না। কাজেই, অবকাঠামোর ক্ষেত্রে সুশাসন জোরদার করতে হবে।’এ ছাড়া গত বছর অর্থনীতির সবচেয়ে আলোচিত ঘটনা ছিল শেয়ারবাজার। এ প্রসঙ্গে মোস্তফা কে মুজেরী ইউএনবিকে বলেন, ডিসেম্বর মাসে বাজার ছিল অস্বাভাবিক। বেসরকারি ব্যাংকঋণ এই বাজারে ঢুকে পড়েছে। এমনকি ব্যাংকগুলো অতিমাত্রায় জড়িয়ে পড়েছে। আর এসইসির দিক থেকে নজরদারিতে যথেষ্ট ঘাটতি ছিল।