তিন দিন দর বাড়ার পর কিছুটা মূল্য সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন টানা দর বাড়ার পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক গত তিন দিনে প্রায় ৩৬০ পয়েন্ট বেড়েছিল। আর গতকাল দিন শেষে সূচক প্রায় ২১ পয়েন্ট কমেছে। এর ফলে ঢাকার বাজারের সাধারণ সূচক সাড়ে চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার ওপরেই রয়ে গেল।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দাম কমলেও বাজারে শেয়ারের যথেষ্ট চাহিদা ছিল। এ কারণে সামান্য কিছু মূল্য সংশোধন হলেও লেনদেন হওয়া কোম্পানিগুলোর দামের বড় ধরনের হেরফের হয়নি।যোগাযোগ করা হলে পুঁজিবাজার-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দরপতনে চিন্তিত হওয়ার কিছু নেই। এটি স্বাভাবিক মূল্য সংশোধন। তিন দিন দাম বাড়ার পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল। এটা স্বাভাবিক।’মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৫০ পয়েন্ট বেড়ে যায়। এরপর বাজারে বিক্রির চাপ বেড়ে গেলে সূচকের পতন শুরু হয়। বেলা প্রায় পৌনে দুইটা পর্যন্ত সূচকের নিম্নগতি অব্যাহত ছিল। ততক্ষণে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১০৭ পয়েন্ট কমে চার হাজার ৪৩৬ পয়েন্টে নেমে আসে। লেনদেনের শেষ ঘণ্টায় গিয়ে সূচকের তীর ঊর্ধ্বমুখী হয়। এর ফলে সূচকের হারানো পয়েন্টের অনেকটাই পুনরুদ্ধার হয়। ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে চার হাজার ৫২১ পয়েন্টে। মূল্যসূচকের মতো ডিএসইর লেনদেনও সামান্য কমেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার ঢাকার বাজারে প্রায় ৪৬২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে মাত্র এক কোটি টাকা কম।দিন শেষে গতকাল ডিএসইতে ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭১টি শেয়ারেরই দাম কমেছে; বেড়েছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ১২টি শেয়ারের দাম।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সোমবার প্রায় ৫৫ পয়েন্ট কমলেও দিন শেষে তা ১৩ হাজার পয়েন্টের ওপরেই অবস্থান করে। এদিন সিএসইতে ১৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৯টি শেয়ারেরই দাম কমেছে; বেড়েছে ৪৪টির আর অপরিবর্তিত ছিল ১২টি শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে মাত্র তিন কোটি টাকা কম।