তিন দিন পতনের পর বাড়ল সূচক
টানা তিন দিন পতনের পর আজ সোমবার সূচক বেড়েছে দেশের দুই শেয়ারবাজারে। আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৪৮ পয়েন্টে।ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৫টির দাম বেড়েছে; কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ১৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, ইউনাইটেড এয়ার, আমরা টেকনোলজিস, বিএসসিসিএল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন প্রভৃতি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৪৫ পয়েন্টে। সিএসইতে আজ ২০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।