তিন দিন পর ইতিবাচক প্রবণতায় সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন পর ইতিবাচক প্রবণতায় সূচক
তিন দিন পর ইতিবাচক প্রবণতায় সূচক

টানা তিন দিন নিম্নমুখী প্রবণতার পর আজ মঙ্গলবার সূচকের ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। আজ লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ১৬ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭০৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা একটার দিকে সূচক গতকালের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও দিন শেষে বাড়তি প্রবণতায় সূচক।
ডিএসইতে আজ ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৫৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১টির দাম বেড়েছে, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা। আজ এই প্রতিষ্ঠানের ৩২ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, সাউথইস্ট ব্যাংক, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, হেইডেলবার্গ সিমেন্ট, সিঙ্গার বিডি, যমুনা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।