তিন দিন পর সূচক বাড়ল শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসই
ডিএসই

টানা তিন কার্যদিবস পতনের পর আজ বুধবার দেশের শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। পাশাপাশি দুই বাজারেই বেড়েছে লেনদেন।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৫৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ২০৮টির দাম বেড়েছে; কমেছে ৫২টির, আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৬ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল এনভয় টেক্সটাইল। আজ এই প্রতিষ্ঠানের ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, আরগন ডেনিমস, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, সিএমসি কামাল, জেএমআই সিরিঞ্জ, বিএসসি, আরএন স্পিনিং, ডেল্টালাইফ ইনস্যুরেন্স প্রভৃতি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২১২ পয়েন্টে।

আজ সিএসইতে হাতবদল হওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৭টির দাম বেড়েছে; কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ২৬ কোটি টাকার লেনদেন, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।