তিন দিন পর সূচক বাড়ল দুই বাজারেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন কর্মদিবস সূচক কমার পর আজ বুধবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬২.৭৯ পয়েন্ট বেড়ে ৪,২৪৬.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম আধা ঘণ্টায় সূচক ৫৫ পয়েন্ট বেড়ে যায়। সূচক বৃদ্ধির এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।দিন শেষে ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৭টিরই দাম বেড়েছে, কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ মোট ২২৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, এনবিএল, লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আরএন স্পিনিং, ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১২১১২.৭৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টিরই দাম বেড়েছে। কমেছে ২১টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম।