তিন দিন বন্ধের কবলে বেনাপোল স্থলবন্দর
বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে তিন দিন বন্ধের কবলে পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। খবর বাসসের।বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, চলতি বছরের মার্চ থেকে মে মাসের ২২ তারিখ পর্যন্ত মোট ৫৮ দিন বন্দর কার্যক্রম বন্ধ ছিল। এর সঙ্গে এখন বৃহস্পতি, শুক্র ও শনিবার যুক্ত হতে যাচ্ছে। তিনি আরও জানান, শনিবার আমদানি-রপ্তানি বাণিজ্য চললেও ব্যাংক বন্ধ থাকায় বন্দর থেকে পণ্য খালাস নেওয়া যায় না। বেনাপোল স্থলবন্দরের (ট্রাফিক) পরিচালক তোফাজ্জেল হোসেন গতকাল বৃহস্পতিবার জানান, সরকারি ও সাপ্তাহিক ছুটি, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের ডাকা হরতাল, অবরোধ ও ধর্মঘটে আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে।এদিকে আমদানিকৃত পণ্য পাচার ও চুরির কারণে গত অর্থবছরে ১৯৪ কোটি টাকার রাজস্ব আদায়ে ঘাটতি ছিল।চলতি অর্থবছরে নয় মাসে এ বন্দর দিয়ে ভারত থেকে ৩৬ হাজার ৮৮ কোটি টাকার পণ্য আমদানি হয়েছে। এর বিপরীতে রপ্তানি করা হয়েছে দুই হাজার ৭৬৫ কোটি টাকার পণ্য।