তিন দিন ১২৭ কোম্পানির শেয়ার নগদ লেনদেন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২৭টি কোম্পানির শেয়ার আজ সোমবার থেকে নগদ বাজার বা স্পট মার্কেটে লেনদেন শুরু হচ্ছে। এসব কোম্পানির শেয়ার তিন দিন স্পট মার্কেটে লেনদেন হবে।দেশের পুঁজিবাজারের ইতিহাসে একসঙ্গে এতগুলো কোম্পানির শেয়ার নগদ বা স্পট বাজারে লেনদেনের ঘটনা এটাই প্রথম। উল্লেখ্য, স্পট মার্কেটে নগদ টাকায় শেয়ার লেনদেন করতে হয়। এ জন্য একে নগদ লেনদেনের বাজারও বলা হয়। আর নগদ টাকায় লেনদেন হওয়ায় এ বাজারে এক দিনের মধ্যে শেয়ার লেনদেন নিষ্পত্তি হয়ে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশ অনুযায়ী ১০০ টাকা ও এক টাকা অভিহিত মূল্যের (ফেস ভেল্যু) শেয়ার ১০ টাকায় রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবেই কোম্পানিগুলোকে একসঙ্গে স্পট মার্কেটে লেনদেনে যেতে হচ্ছে। গত ২৩ আগস্ট এসইসি পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের অভিহিত মূল্যে সমতা আনতে অভিহিত মূল্য ১০ টাকায় রূপান্তরের সিদ্ধান্ত নেয়, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। এ জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভাসহ (ইজিএম) প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে প্রায় তিন মাস সময় দেওয়া হয়, যাতে নির্ধারিত দিনে একযোগে সব কোম্পানির শেয়ার পরিবর্তিত অভিহিত মূল্যে লেনদেন হতে পারে। এ সময় বলা হয়, কোনো কোম্পানি নির্ধারিত দিনে শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনে ব্যর্থ হলে ওই কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।ডিএসই সূত্রে জানা গেছে, বর্তমানে ১০০ টাকা অভিহিত মূল্যের কোম্পানি আছে ১৩৮টি। এর মধ্যে ‘জেড’ শ্রেণীর ১১টি কোম্পানির শেয়ার আগে থেকেই স্পট মার্কেটে রয়েছে। আর তিনটি কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হলেও সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদ অভিহিত মূল্য পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। কোম্পানিগুলো হলো বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসইসি), ইনভেস্টমেন্ট করপোরশেন অব বাংলাদেশ (আইসিবি) ও জনতা ইনস্যুরেন্স কোম্পানিজ। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত পুঁজিবাজার তদন্ত কমিটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার সুপারিশ করেছিল। সেই অনুযায়ী অর্থ মন্ত্রণালয় থেকে এসইসিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।