তিন দিনব্যাপী মোটরসাইকেল মেলা আগস্টে
রাজধানীতে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা মোটরবাইক শো ২০১৩’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলায় অংশ নেবে মোটরসাইকেল প্রস্তুত ও আমদানিকারকদের ১৭টি প্রতিষ্ঠান।অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস (বিডিইএমএস) আয়োজিত মেলা আগামী ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। উদ্বোধন হবে ২৮ আগস্ট। মেলার সহ-আয়োজক হিসেবে আছে বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ)। দ্য ডেইলি স্টার সেন্টারে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে মেলার বিস্তারিত জানান বিডিইএমএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ রাজু আহমেদ। আরও বক্তব্য দেন বিএএএমএর সচিব সরওয়ার এন এ খান। আয়োজকেরা জানান, মেলায় প্রতিদিন প্রদর্শনী, সেমিনার, লেজার শোসহ বিভিন্ন আয়োজন থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। প্রত্যেক দর্শনার্থীর জন্য প্রবেশ ফি ২০ টাকা।