তিন দিনব্যাপী লেদারটেক শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামড়াশিল্পের বড় প্রদর্শনী লেদারটেক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (হল-৪) আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে থাকছে ১৭০টি স্টল ও প্যাভিলিয়ন।
তৃতীয়বারের মতো বাংলাদেশে লেদারটেক আয়োজন করছে আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, হংকংসহ ১৩ দেশের ১৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো চামড়াজাত পণ্য, পাদুকাশিল্পের যন্ত্রপাতি, রাসায়নিক, সরঞ্জাম প্রদর্শন করবে।
ঢাকার কারওয়ানবাজারের একটি হোটেলে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের পরিচালক নন্দ গোপাল কে ও টিপু সুলতান ভূঁইয়া, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) নির্বাহী পরিচালক কাজী রওশন আরা।
নন্দ গোপাল বলেন, কাঁচামালের সহজলভ্যতা থাকায় চামড়াশিল্পে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা আছে। এখন এই শিল্প খাতের আধুনিকায়নের পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আনা প্রয়োজন। আর এই কাজে সহায়তা করবে লেদারটেক। তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যে হাজারীবাগের ট্যানারি সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত হবে। সে সময় বিদেশি ক্রেতাদের কাছে এখানকার চামড়াজাত পণ্যের চাহিদা বেড়ে যাবে।
টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘গত দুই বছর লেদারটেক প্রদর্শনীতে আমরা দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। তাই এবার প্রথমবারের মতো বাংলাদেশের ফিনিশড লেদার পণ্যেরও প্রদর্শনী হবে।’
প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। মেলা শেষ হবে শনিবার।