তিন দিনব্যাপী লেদারটেক শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামড়াশিল্পের বড় প্রদর্শনী লেদারটেক কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (হল-৪) তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ১৩ দেশের ১৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে।

বাংলাদেশে তৃতীয়বারের মতো লেদারটেক আয়োজন করছে ভারতভিত্তিক প্রতিষ্ঠান আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। রাজধানীর কারওয়ানবাজারে একটি হোটেলে আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আয়োজকেরা। এতে বক্তব্য দেন আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের পরিচালক নন্দ গোপাল কে ও টিপু সুলতান ভূঁইয়া, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) নির্বাহী পরিচালক কাজী রওশন আরা।
আগামীকাল সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পসচিব মোশারফ হোসেন ভূঁইয়া। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রবেশের জন্য কোনো ফি লাগবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, তুরস্ক, মিসর, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, হংকংসহ ১৩ দেশের ১৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো চামড়াজাত পণ্য, পাদুকাশিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক ও সরঞ্জাম ইত্যাদি প্রদর্শন করবে।
নন্দ গোপাল বলেন, কাঁচামালের সহজলভ্যতা থাকায় চামড়াশিল্পে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা আছে। এখন এই শিল্প খাতের আধুনিকায়ন ও পণ্যের বৈচিত্র্য আনা প্রয়োজন। আর এই কাজে সহায়তা করবে লেদারটেক।
টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘গত দুই বছর লেদারটেক প্রদর্শনীতে আমরা দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। তাই এবার প্রথমবারের মতো বাংলাদেশের ফিনিশড লেদার পণ্য প্রদর্শনী করা হবে।’ চামড়াশিল্পে আসতে চান এমন নতুন উদ্যোক্তারাও লেদারটেক থেকে উপকৃত হবেন মন্তব্য করেন তিনি।
এবারের লেদারটেকের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে এলএফএমইএবি। পৃষ্ঠপোষক হিসেবে থাকবে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি (বিপিপিসি), সেন্টার ফর অ্যাক্সিল্যান্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড (সিওইএল), কাউন্সিল ফর লেদার এক্সপোর্টার্স (সিএলই) এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (আইএফসিওএমএ)।