রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত তিন দিনের আবাসন মেলা গত শনিবার শেষ হয়েছে। এতে আশাতীত সাড়া পাওয়া গেছে বলে মেলায় অংশ নেওয়া বিভিন্ন আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন। তিন দিনের এই মেলায় প্রায় এক হাজার কোটি টাকার বেচাকেনা হয়েছে বলে মেলা কমিটি সূত্রে জানা যায়। গতকাল রোববার রিহ্যাবের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম ক্লাবের সুইমিং পুলে। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি শাহেদা ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, রিহ্যাবের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ও ‘রিহ্যাব ফেয়ার’ চট্টগ্রামের আহ্বায়ক এস এম আবু সুফিয়ান এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সভাপতি মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন রিহ্যাব জোনাল স্ট্যান্ডিং কমিটির সভাপতি জামশেদ হাসান। মেলা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘তিন দিনে প্রায় এক হাজার কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বেচাকেনার বুকিং পাওয়া গেছে। মেলায় অংশগ্রহণকারী স্টলের সম্মিলিত বেচাকেনার হিসাব থেকে আমরা এই চিত্র পেয়েছি।’ মেলা আয়োজনে সফলতার দাবি করেন রিহ্যাব মেলা কমিটির আহ্বায়ক ও রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু সুফিয়ান। তিনি বলেন, ‘আমরা মনে করি, যে উদ্দেশ্য নিয়ে মেলার আয়োজন করেছি, তার পুরোটাই সফল হয়েছে। এক কথায় বলতে পারি আমরা ভালো সাড়া পেয়েছি।’ শনিবার মেলার শেষ দিনে বিভিন্ন স্টলে ঘুরে বিপুলসংখ্যক ক্রেতা-দর্শনার্থীর ভিড় দেখা যায়। মেলায় আসা আলতাফ সাঈদ ও নূরজাহান সাঈদ দম্পতি জানান, আবাসন সংকট যেভাবে বাড়ছে সেখানে এ মেলায় এসে নিজেদের রুচি ও সামর্থ্য অনুযায়ী একটি গৃহকোণের ঠিকানা খুঁজে নেওয়া সহজ হয় অনেকটা।মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ ছাড়ে ফ্ল্যাট বিক্রির অফার দিয়েছে। চট্টগ্রামে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এবারের মেলায় ঢাকা ও চট্টগ্রামের মোট ৯৭টি গৃহনির্মাণ প্রতিষ্ঠান এবং একটি আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।