তিন দিনে ডিএসইতে সূচক কমেছে ৫৮৯ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবারও দরপতন অব্যাহত রয়েছে। এ নিয়ে তিন দিনে ডিএসইর সাধারণ মূল্যসূচকের ৫৮৯ পয়েন্ট পতন হয়েছে। আজ ডিএসইতে সূচকের পতনের পাশাপাশি কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম ও আর্থিক লেনদেন।বাজার বিশ্লেষকেরা দরপতনের জন্য বিনিয়োগকারীদের অযৌক্তিক আস্থাহীনতাকে দায়ী করছেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারের বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পর বাজার কিছুটা স্বাভাবিক হলেও তিন দিনের দরপতন অনেকটা অস্বাভাবিক ব্যাপার। এর জন্য তিনি বিনিয়োগকারীদের অযৌক্তিক আস্থাহীনতাকে দায়ী করছেন।তাঁর মতে, এরই মধ্যে অনেক প্রতিষ্ঠানের মূল্য আয়ের অনুপাত বা পিই বেশ ভালো। এ অবস্থায় ওই সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার কথা নয়। তবে বাজারে দেখা যাচ্ছে, দাম বাড়লে একসঙ্গে প্রায় সব প্রতিষ্ঠানের দাম বাড়ছে। আবার দাম কমলে একসঙ্গে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমছে। সুতরাং এটা বিনিয়োগকারীদের অপরিপক্বের লক্ষণ।ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেনের শুরুতে সূচক কিছুটা বাড়লেও পাঁচ মিনিটের মাথায় সূচকের পতন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২১৭.৫৪ পয়েন্ট কমে ৫৮০০.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া গতকাল বুধবার ডিএসইতে ১৫৪ পয়েন্ট ও আগের দিন মঙ্গলবার ২১৬ পয়েন্ট পতন হয়।আজ ডিএসইতে মোট ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৫৫৯ কোটি টাকা, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা কম।এ দিকে আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বেক্সটেক্স, বেক্সিমকো, প্রাইম ফিন্যান্স, এনবিএল, ইউনিয়ন ক্যাপিটাল, তিতাস গ্যাস, লঙ্কা-বাংলা ফিন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও গ্রামীণ ফোন।আজ সবচেয়ে বেশি বেড়েছে গ্লাক্সো স্মিথকেলাইনের শেয়ারের দাম। এ ছাড়া এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, সন্ধানী ইনস্যুরেন্স, বাংলাদেশ অক্সিজেন কোম্পানি, ইসলামী ব্যাংক, বেক্সটেক্স, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস প্রথম সাতটির তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া লিগাসি ফুটওয়্যার, আনলিমা ইয়ার্ন, সাফকো স্পিনিং, তাল্লু স্পিনিং, সিএমসি কামাল, পপুলার লাইফ ইনস্যুরেন্স, আজিজ পাইপ, ইমাম বাটন ও বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস দাম কমে যাওয়া শীর্ষ ১০টির মধ্যে রয়েছে।