তিন দিনের পর্যটন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড (বিএফটিডি) এ মেলার আয়োজন করেছে। আয়োজকেরা জানান, আগামীকাল শনিবার পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিএফটিডির সভাপতি হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের পর্যটনমন্ত্রী রতন ভৌমিক ও বাংলাদেশের পর্যটনসচিব খোরশেদ আলম। আরও বক্তব্য দেন বিএফটিডির নির্বাহী পরিচালক রেজাউল একরাম।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, পর্যটন বছরে বাংলাদেশে ১০ লাখ বিদেশি আসবে। যার মাধ্যমে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে ট্যুর অপারেটরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৫টি দেশের বিমান পরিবহন সংস্থা, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটরসহ পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩৫টি স্টল রয়েছে। তিন দিনের এ মেলায় দেড় থেকে দুই কোটি মার্কিন ডলার আয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন আয়োজকেরা।