তিন দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে কাল
তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড (বিএফটিডি) পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করছে।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৫টি দেশের বিমান পরিবহন সংস্থা, হোটেল, মোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩৫টি স্টল থাকবে মেলায়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ মেলার উদ্বোধন করবেন। এতে ত্রিপুরার পর্যটনমন্ত্রী রতন ভৌমিক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মেলার আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন বিএফটিডির চেয়ারম্যান হাকিম আলী। মেলা কমিটির নির্বাহী পরিচালক রেজাউল একরাম রাজু, হোটেল সোনারগাঁওয়ের মহাব্যবস্থাপক এলড্রিজ কে ম্যাক এওয়ান, মিডিয়া কাউন্সিল ফর ট্যুরিজম বাংলাদেশের (এমসিটিবি) সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা।
বিএফটিডির চেয়ারম্যান বলেন, এবারের মেলা থেকে দেড়-দুই কোটি ডলার আয় হতে পারে। পাশাপাশি মেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা হবে। এর ফলে পর্যটন খাত থেকে দেশের বিপুল আয়ের সম্ভাবনা রয়েছে।
আয়োজকেরা জানান, মেলায় আগত ব্যক্তিদের জন্য প্রতিদিন কুপন ড্রর ব্যবস্থা রাখা হয়েছে। তার মাধ্যমে বাংলাদেশ বিমানের দুটি টিকিট উপহার হিসেবে দেওয়া হবে।