তিন দেশের তরুণ উদ্যোক্তারা শোনালেন সাফল্যের গল্প
২৫ বছর বয়সী সুহাস গোপীনাথ ভারতের একজন তথ্যপ্রযুক্তিবিদ। এই তরুণ সাধারণ কোনো প্রযুক্তিবিদ নন। তিনি মাত্র ১৪ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কম বয়সী তথ্যপ্রযুক্তিবিদ হিসেবে খ্যাতি পেয়েছেন। আর ২০০০ সালে ১৮ বছর বয়সেই গ্লোবাল ইনকরপোরেশন নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এভাবে কৈশোরের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে— এমন গল্প শোনালেন সুহাস গোপীনাথ। গতকাল শনিবার ‘লিড-২০১২’ শীর্ষক দক্ষিণ এশীয় যুব সম্মেলনে তরুণ উদ্যোক্তাবিষয়ক অধিবেশন ভারতের এই তরুণ তাঁর সফলতার কথা বলেন। সার্ক চেম্বার ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) যৌথভাবে দুই দিনের এ সম্মেলনের আয়োজন করেছে। গতকাল সকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সুহাস গোপীনাথ জানান, তিনি ১৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে তরুণতম প্রধান নির্বাহী কর্মকর্তা হন একটি প্রতিষ্ঠানের। তিনি বলেন, প্রত্যেক মানুষকে সফল হতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, দক্ষতাও দরকার আছে। একটি স্বপ্নকে সামনে রেখে কঠোর পরিশ্রম করার জন্য তরুণদের পরামর্শ দেন তিনি। একই অধিবেশনে নিজের গল্প বলেন নেপালি তরুণ আনন্দ বাগারিয়া। তিনি জৈবপ্রযুক্তি নিয়ে কাজ করেন। ২০০০ সালে প্রতিষ্ঠা করেন পশুখাদ্য তৈরির একটি কারখানা। গত বছর তাঁর প্রতিষ্ঠান ৫০ লাখ ডলার আয় করেছে। ২০১৫ সালের মধ্যে আয় এক কোটি ডলারে নিয়ে যেতে চান। অধিবেশনে আনন্দ বলেন, তাঁর প্রতিষ্ঠান প্রতি মাসে সাত হাজার টন পশুখাদ্য সরবরাহ করতে পারে। তিনি বলেন, উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে তরুণদের উচ্চাভিলাষী হতে হবে।নিজের পথযাত্রার গল্পে আনন্দ বলেন, ‘পড়াশোনা শেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ দিয়ে একটি বলপয়েন্ট কারখানা প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু দাঁড় করাতে পারিনি। তবে এ ধরনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে শিক্ষা নিয়েছিলাম।’ অধিবেশনে বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ তাঁর অভিজ্ঞতার কথা বলেন। কয়েক বছর আগে সিলেটে বেড়াতে গিয়ে বস্তির শিশুদের সঙ্গে থাকেন। এরপর তিনি উপলব্ধি করেন এই ছিন্নমূল অসহায় শিশুদের জন্য কিছু করতে হবে। এ জন্য প্রতিষ্ঠা করেন জাগো ফাউন্ডেশন। রাকশান্দ বলেন, ‘আমরা তরুণদের মধ্যে নেতৃত্বের স্বপ্ন দেখাতে চাই। আর সেই স্বপ্ন পূরণও করতে চাই।’ একই অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। অধিবেশনে সভাপতিত্ব করেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এসসিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি বিক্রমজিৎ সিং সাহানি। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইয়ুথ লিডার সেন্টারের সভাপতি ইজাজ আহমেদ। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়। সবচেয়ে বড় বিষয় হলো স্বপ্ন চাই। স্বপ্ন বেদনা থেকে জন্ম নেয়। আবার ভালোবাসা থেকেও জন্ম নেয়।’ সায়ীদ তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণেরা এখন প্রেম করতে বেশি ভালোবাসে। তাদের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে হবে। বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘মাত্র ৩৫ টাকা দিয়ে ১০টি বই কিনে যাত্রা শুরু করেছিলাম। সঙ্গে ছিল ২০ জন ছাত্র। এভাবে বিশ্বসাহিত্য কেন্দ্রের যাত্রা শুরু হয়।’সায়ীদ বলেন, তরুণদের ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে হবে। এ জন্য তাদের স্বপ্ন দেখতে হবে। তিনি বলেন, বড় হতে চাইলে বড়র কাছে যেতে হবে। তবে বড় হয়ে গ্যাস বেলুনের মতো বসে থাকলে চলবে না, জাতিকে কিছু দিতে হবে। বিক্রমজিৎ সিং সাহানি বলেন, বিশ্বায়নের যুগের চ্যালেঞ্জ এই তরুণেরাই নিচ্ছে। তরুণদের কর্মস্পৃহাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তারা বিশাল ভূমিকা রাখতে পারে। এ জন্য সার্ক তরুণ উদ্যোক্তা ফোরাম গঠন করা হয়েছে। দুই দিনব্যাপী যুব সম্মেলনের আজ রোববার নারী নেতৃত্ব ও গণমাধ্যমবিষয়ক দুটি অধিবেশন হবে। এসব অধিবেশনে দক্ষিণ এশিয়ার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত খ্যাতনামা ব্যক্তিরা অংশ নেবেন।