তিন ধরনের বন্ডের উৎসে কর প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ধরনের বন্ডের ওপর থেকে উৎসে আয়কর প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এসব বন্ডে বিনিয়োগের বিপরীতে যে সুদ পাওয়া যাবে, তা থেকে আর কোনো উৎসে কর কাটা হবে না।
বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। যে তিনটি বন্ডের ওপর থেকে উৎসে কর প্রত্যাহার করা হয়েছে সেগুলো হলো ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড।
উৎসে আয়কর প্রত্যাহারের সিদ্ধান্তটি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে।
এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অপর এক নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি ঋণের বিপরীতে জামিনদার ইস্যু করার ক্ষেত্রে এখন আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না। বিদেশি ঋণদাতার অনুকূলে ঋণ গ্রহীতার দেওয়া করপোরেট, ব্যক্তিগত ও তৃতীয় পক্ষের জামিন (গ্যারান্টি) ইস্যুর ক্ষেত্রে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। তবে এ ধরনের ঋণ গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগ বোর্ডের অনুমোদন লাগবে।