তিন নারী ও একটি প্রতিষ্ঠানের সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার লাভ
সপ্তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেল তিনজন নারী উদ্যোক্তা ও সাভারের একটি প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশন এ পুরস্কার দিয়ে থাকে। মোট চারটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। বিজয়ীরা হলেন: শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা বিভাগে নীলফামারীর আনোয়ারা বেগম, শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে চট্টগ্রামের পটিয়ার খালেদা বেগম, শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বিভাগে সাভারের ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভিইআরসি) ও শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে কুমিল্লার রাজিয়া বেগম। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, সিটি আসিয়ানের প্রধান মাইকেল জিংক, ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের নির্বাহী পরিচালক আবদুল আওয়াল এবং সিটিব্যাংকের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ। সিটি ফাউন্ডেশন বিজয়ীদের পুরস্কার হিসেবে তিন লাখ ৫০ হাজার টাকা প্রদান করে। সিটিব্যাংক এনএ বাংলাদেশ ও ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এ কর্মসূচি পরিচালনা করে আসছে।