পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে উৎসাহিত করতে দেশের কেন্দ্রীয় ব্যাংক একটি নীতিনির্দেশনা প্রকাশ করেছে। এতে তিন পর্যায়ে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।নীতিনির্দেশনা অনুসারে প্রথম পর্যায়ে দেশে ব্যবসারত সব ব্যাংককে চলতি বছরের ৩০ জুনের মধ্যে নিজেদের একটি পরিবেশবান্ধব বা সবুজ ব্যাংকিং নীতিমালা প্রণয়ন করতে হবে। এই নীতিমালা ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদিত হতে হবে। পর্ষদের পরিচালকদের অন্তর্ভুক্ত করে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে। এই কমিটি পরিবেশবান্ধব ব্যাংকিং নীতি, কৌশল ও কার্যক্রম দেখভাল করবে।বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকের ক্ষেত্রে প্রধান নির্বাহীসহ শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি নিয়ে এই কমিটি করতে হবে।একই সঙ্গে পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি ব্যাংককে স্বতন্ত্রভাবে একটি সবুজ ব্যাংকিং বিভাগ বা অনুশাখা স্থাপন করতে হবে। এই অনুশাখা ব্যাংকের পরিবেশবান্ধব কার্যক্রম প্রণয়ন, মূল্যায়ন ও পরিচালনার দায়িত্বে থাকবে।অভ্যন্তরীণভাবে পরিবেশবান্ধব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ব্যাংকগুলোকে। এ ক্ষেত্রে অভ্যন্তরীণ যোগাযোগে যথাসম্ভব কাগজের ব্যবহার সীমিত করে অনলাইন ইলেকট্রনিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।বিদ্যুৎ সাশ্রয়ে জ্বালানিসাশ্রয়ী বাতি ব্যবহার করার এবং কম্পিউটার, এসিসহ বিভিন্ন যন্ত্র যেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় সে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকিং কার্যক্রমে পরিবেশবান্ধব কর্মসূচি বা প্রকল্প অর্থায়নে নজর বাড়ানোর কথা বলা হয়েছে এই নীতিনির্দেশনায়। এসব প্রকল্পের মধ্যে আছে নবায়নযোগ্য জ্বালানি, বিশুদ্ধ পানি সরবরাহ, পানি শোধন, বর্জ্য ব্যবস্থাপনা, জৈব-গ্যাস, জৈব সার প্রভৃতি। বন্যা, খরা ও দুর্যোগপ্রবণ এলাকায় বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য নিয়মিত সুদহারেই অর্থায়নের কথা বলা হয়েছে। আর জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি জলবায়ু ঝুঁকি তহবিল গঠন করতে হবে। এ ছাড়া সবুজ বিপণন কর্মসূচি গ্রহণ, অনলাইন ব্যাংকিং কার্যক্রম জোরদারকরণ ও এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।নীতিনির্দেশনার আওতায় দ্বিতীয় পর্যায়ে যেসব কাজ করতে হবে, সেগুলো ২০১২ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে। এই পযায়ে পরিবেশ সংবেদনশীল বিভিন্ন খাতের বিষয়ে ব্যাংকের কৌশলগত নীতি প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছ। যেসব খাতকে প্রাধান্য দিতে হবে সেগুলো হলো: কৃষি, কৃষি বাণিজ্য (খামার ও দুগ্ধ), চামড়া, মৎস্য, বস্ত্র ও পোশাক, নবায়নযোগ্য জ্বালানি, কাগজ ও মণ্ড, চিনি, নির্মাণ, গৃহায়ণ, প্রকৌশল, ধাতব পদার্থ, রসায়ন, রাবার ও প্লাস্টিক, হাসপাতাল/ক্লিনিক, ইট প্রস্তুত, জাহাজভাঙা প্রভৃতি। দ্বিতীয় পর্যায়ে ব্যাংকগুলোকে দেশের বিভিন্ন স্থানে সবুজ শাখা স্থাপনের জন্য উৎসাহিত করা হবে। যেসব শাখা সর্বোচ্চ প্রাকৃতিক আলো-বাতাস, জ্বালানিসাশ্রয়ী বাতি ও পাখা, সীমিত পানি-বিদ্যুৎ, পরিশোধিত পানি ব্যবহার করবে, সেগুলো সবুজ শাখা হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পাবে। ব্যাংকের কাজে সভা করতে বিভিন্ন স্থানে সশরীরে না গিয়ে যেখানে সম্ভব ভিডিও কনফারেন্স করার পরামর্শ দেওয়া হয়েছে।তৃতীয় পর্যায়টি সম্পন্ন করতে হবে ২০১৩ সালের জুন মাসের মধ্যে। এই পর্যায়ে ব্যাংকগুলোকে পরিবেশবান্ধব পদক্ষেপ ও উদ্ভাবনের মাধ্যমে সামগ্রিক পরিবেশ রক্ষায় সহায়ক ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়েছে।