তিন প্রকল্প দলকে সম্মাননা দিল এডিবি
ভালো কাজের (পারফরম্যান্স) জন্য তিনটি উন্নয়ন প্রকল্পকে বিশেষ সম্মাননা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্পগুলো হলো দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প, দ্বিতীয় নগর সুশাসন ও অবকাঠামো উন্নয়ন এবং টেকসই বিদ্যুৎ খাত উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পে এডিবি অর্থায়ন করেছে।
এডিবির ঢাকা কার্যালয়ে গত বুধবার সংশ্লিষ্ট প্রকল্প দলকে এই সম্মাননা দেওয়া হয়। এই অনুষ্ঠানে এডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্টিফেন একেলান্ড উপস্থিত ছিলেন।
প্রকল্প নির্বাচনে এর কার্যকারিতা, প্রাপ্ত ফলাফল, যথাসময়ে বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন, স্বচ্ছতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় আনা হয়।
দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পে চার কোটি ডলার দিয়েছে এডিবি। দরিদ্র কৃষকদের আয়বর্ধন ও দেশে খাদ্যনিরাপত্তা বাড়াতে সহায়তা করছে প্রকল্পটি। এটি বাস্তবায়ন হচ্ছে দক্ষিণ ও উত্তরাঞ্চলের ২৭ জেলায়।
গুলশানের এক রেঁস্তোরায় আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে শস্য বহুমুখীকরণ প্রকল্পের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এর পরিচালক হামিদুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র মল্লিক।
নগর সুশাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আট কোটি ৭০ লাখ ডলার দিয়েছে এডিবি। বিশুদ্ধ পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।